Panchayat: তৃণমূলের বিরুদ্ধে একজোট সবাই, মুর্শিদাবাদে পঞ্চায়েত বোর্ড গঠন বাম-কংগ্রেস-বিজেপির
তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে মুর্শিদাবাদে পঞ্চায়েত বোর্ড গঠন করল সবাই। সুতি ও লালগোলায় পঞ্চায়েত গঠনে অভিনব ছবি দেখা গেল মঙ্গলবার। মুর্শিদাবাদ জেলার সুতির মহিশাইল ১ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল কংগ্রেস-বিজেপি-আরএসপি-নির্দল একত্রে। প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন যথাক্রমে কংগ্রেস ও বিজেপি প্রার্থী।
মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লকের মহিশাইল ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর একসঙ্গে কংগ্রেস-বিজেপি-আরএসপি-নির্দল প্রার্থীরা একসঙ্গে হাঁটলেন, মাতলেন উচ্ছ্বাসে। আবীর খেলায় মিশে গেল সব রঙ। এদিন প্রধান নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন কংগ্রেস, বিজেপি, আরএসপি ও নির্দল প্রার্থীরা।

এই পঞ্চায়েতে মোট আসন ছিল ২৫টি। ১০ আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছিল ৭টি আসনে, কংগ্রেস জিতেছিল ৫টি আসন, ২টি আসনে জিতেছিল আরএসপি এবং ১টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। এদিন তাঁরা সবাই ঐক্যবদ্দ হলেন তৃণমূলকে আটকাতে।
প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের আলমিরা খাতুন, উপপ্রধান হয়েছেন বিজেপি'র রিঙ্কু দাস। সুতি ২ নং ব্লকের মহিশাইল ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর তৃণমূল বিরোধী সমস্ত দলের সদস্যরা উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের নিয়ে নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে সামনে রেখে মিছিল করে পঞ্চায়েতের এলাকা পরিদর্শন করেন।
অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার বিলবোরাকোপরা পঞ্চায়েত দখল করল কংগ্রেস। প্রধান হলেন কংগ্রেসের রফিকুল আলম। উপপ্রধান হন কংগ্রেসেরই জিয়াউল হক। মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে করা পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়।
বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয় ১৩টি আসনে। তৃণমূল দখল করে ১০টি আসন, সিপিএম ও আরএসপি ১টি করে আসনে জয়ী হয়। আগেই একক সংখ্যাগরিষ্ঠের আসন পেয়ে পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস।
তবে দল বদল নিয়ে কার্যত ভয়েই ছিলেন কংগ্রেস নেতারা। এদিন প্রধান হন কংগ্রেসের রফিকুল আলম। উপপ্রধান হন জিয়াউল হক। বোর্ড গঠনকে ঘিরে পঞ্চায়েতের বাইরে কংগ্রেস নেতা কর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।












Click it and Unblock the Notifications