সাগরদিঘিতে হাড্ডাহাড্ডি লড়াই! শুরু থেকে এগিয়ে বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস
প্রথম রাউন্ডে ৫০০-র ওপর ভোটে এগোতেই সাগরদিঘির বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস দাবি করেছেন, শেষ পর্যন্ত তিনিই জিতবেন। তবে তৃণমূল হাল ছাড়তে নারাজ।
মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রথম রাউন্ডে এগিয়ে যেতেই বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস দাবি করলেন তিনিই জিতবেন। অন্যদিকে তৃণমূলের দাবি শেষ হাসি তাদেরই হবে। বলে রাখা ভাল পোস্টাল ব্যালটেও এগিয়ে বায়রন বিশ্বাস। সব মিলিয়ে সাগরদিঘির লড়াই হাড্ডাহাড্ডি।

প্রথম থেকেই ফলে খুশি বায়রন
গণনা শুরুর পর থেকে সাগরদিঘিতে কোনও তৃণমূল নেতাকে সংবাদ মাধ্যমের সামনে আসতে দেখা যায়নি। ছিলেন বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। প্রথম রাউন্ড গণনার পরেই তিনি জানান, ৫১৫ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও পোস্টাল ব্যালট গণনায় তিনি পেয়েছেন ৪০ টি ভোট। অন্যদিকে তৃণমূল পেয়েছে ৩৯ টি ভোট, আর বিজেপি পায় ৯ টি ভোট।

দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ-পঞ্চম রাউন্ডেও এগিয়ে যান বায়রন
এরপর দ্বিতীয় রাউন্ডের শেষেও এগিয়ে যান বায়রন বিশ্বাস এগিয়ে যান ২ হাজারের বেশ কিছু বেশি ভোটে। তবে তৃতীয় রাউন্ডে গিয়ে ভোট কিছুটা কমে যায়। তবে চতুর্থ রাউন্ডের শেষে ফের ব্যবধান বাড়িয়ে নেন বায়রন বিশ্বাস। চতুর্থ রাউন্ডের শেষে বায়রন বিশ্বাস তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ২৮৮৮-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন। পঞ্চম রাউন্ডের শেষে বায়রন বিশ্বাস এগিয়ে যান ৫০৯৩ ভোটে।

পটকা-আবির নিয়ে তৈরি কংগ্রেস সমর্থকরা
প্রথম রাউন্ডে এগিয়ে যাওয়ার পরেই সাগরদিঘির কংগ্রেস নেতা-সমর্থকরা পটকা-আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন। তাঁদের বিশ্বাস শেষ পর্যন্ত বায়রন বিশ্বাসের জয় হবেই। ভোট বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ রাউন্ডের পর থেকে পরবর্তী তিন থেকে চারটে রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। কেননা, যেসব এলাকায় গণনা হচ্ছে, সেইসব এলাকায় প্রায় ৮০ শতাংশ সংখ্যালঘু মানুষের বসবাস। এইসব এলাকায় ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এগিয়ে ছিল। উল্লেখ করা প্রয়োজন ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূলের সুব্রত সাহা জিতেছিলেন প্রায় ৫০ হাজার ভোটে।

আশা ছাড়তে নারাজ তৃণমূল
এদিন সকাল থেকে সাগরদিঘির তৃণমূল নেতারা সামনে না এলেও, তাঁদের দাবি, বেলা ১২ টা-সাড়ে বারোটার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ই শেষ পর্যন্ত জয়ী হবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময় যত এগোবে সেখানে তৃণমূল নয়, কংগ্রেস প্রার্থীই এগোতে থাকবেন।












Click it and Unblock the Notifications