বাংলায় ৩০-র বেশি আসনে জিতবে বিজেপি! শেখ শাহজাহান কি নির্দোষ, তৃণমূলকে পাল্টা আক্রমণ অমিত শাহের
তেরোই মে চতুর্থ দফায় রাজ্যে যেসব কেন্দ্রগুলিতে নির্বাচন হবে, তার মধ্যে রয়েছে কৃষ্ণনগরও। সোমবার সেই কেন্দ্রে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো থেকে রাজ্যে অনুপ্রবেশ, কাটমানি-সহ বিভিন্ন বিষয়ে তিনি তৃণমূলকে নিশানা করেন।
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন কৃষ্ণনগরের মানুষ বিজেপির পক্ষে। তাঁর দীর্ঘ সময়ের রোড শোতে বহু মানুষ রাস্তার দু-ধারে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা মোদী ৪০০ পার এবং জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে বলেও জানান অমিত শাহ।

৩০-এর বেশি আসনে জিতবে বিজেপি
সোমবার অমিত শাহ কৃষ্ণনগরে বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ৩০-এর বেশি আসনে জয় পাবে। গতমাসে দক্ষিণ মালদহে রোড শো করতে এসে অমিত শাহ বলেছিলেন, বিজেপি এই রাজ্য থেকে ৩৫ টি আসনে জয়ী হবে। তাহলেই ছয় মাসের মধ্যে রাজ্যে সরকার বদল হবে। দুই ধরনের টার্গেট নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, বিজেপি ত্রিশের বেসি আসনে জিতবে, তা বেড়ে ৩৫ হতে পারে।
দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ
রাজ্যের আগের প্রচার সভাগুলির মতো এদিনও তিনি দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এদিনই মন্ত্রীর ঘর থেকে ৩০ কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রসঙ্গত এদিন ঝাড়খণ্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এছাড়াও এদিন অমিত শাহ রাজ্যের নিযোগ দুর্নীতিতে জেলবাসী হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গও টানেন।অমিত শাহ বলেন, দুর্নীতি তো আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে, বলেন তিনি।
তৃণমূলকে নিশানায় উঠল যেসব প্রসঙ্গ
এদিন তৃণমূলকে নিশানা করতে গিয়ে অমিত শাহ রাজ্যে অনুপ্রবেশ, কাটমানি, হিংসার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, এইসবের অবসান করে বিজেপি সোনার বাংলা দেবে।
সন্দেশখালির ভিডিও জাল
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সন্দেশখালিতে যা হয়েছে সবই বিজেপির সাজানো, টাকা দিয়ে করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে দলের ব্যবস্থা নেওয়া খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আরেকটু যাচাই করে নিলে ভাল হতো বলে মত প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল আইপ্যাককে দিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিজেপির নেতার ভুয়ো ভিডিও তৈরি করেছে। এব্যাপারের প্রশ্ন করা হলে অমিত শাহ তৃণমূলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, সন্দেশখালির শেখ শাহজাহান কি নির্দোষ?












Click it and Unblock the Notifications