BJP Supports TMC: মুকুলের 'বিজেপি মানেই তৃণমূল' ভরতপুরের জজানে! সবুজে গেরুয়া আবির মেশায় অস্বস্তিতে টিএমসি
BJP Supports TMC: মুকুল রায় বলেছিলেন, বিজেপি মানেই তৃণমূল! এই বক্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু আজ মুর্শিদাবাদের ভরতপুরে যা ঘটল তা মনে করাচ্ছে মুকুলের ওই বক্তব্যকেই।
তৃণমূল প্রার্থীকে প্রধানের পদে জেতালেন বিজেপির প্রার্থীরা। বিনিময়ে বিজেপি পেল উপ প্রধানের পদ। তৃণমূলে স্পষ্ট হলো বিভাজন। রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে গেরুয়া আবিরে মিশল সবুজ আবির।

আদ মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের পাশাপাশি ভরতপুরের চারটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হলো। তবে রামধনু জোটে প্রাধান নির্বাচন হল জজান গ্রাম পঞ্চায়েতে। জজান গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮। কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তৃণমূল পেয়েছিল ৫টি আসন, বিজেপি ৬টি আসন, নির্দল ৫টি এবং কংগ্রেস ও সিপিএম একটি করে আসনে জয়লাভ করে। বোর্ড গঠনে দেখা গেল অন্য সমীকরণ।

প্রধান হিসেবে দু-জনের নাম প্রস্তাব করা হয় বিজেপির পক্ষ থেকে। তৃণমূলের জয়ী প্রার্থী রিনা খাতুনের নাম প্রস্তাব করে বিজেপি তৃণমূলের পক্ষ থেকে সাবিনা বেগমের নাম প্রস্তাব করা হয়। যদিও শেষ হাসি হাসলেন রিনা। রিনাকে সমর্থন দিয়েছেন ৬ বিজেপি সদস্য, ২ নির্দল এবং কংগ্রেস ও সিপিআইএমের ১ জন করে জয়ী সদস্য।
দলবিরোধী কাজ করে তৃণমূলের টিকিটে জেতা প্রার্থী বিভিন্ন দলের সমর্থন নিয়ে দলের মনোনীত প্রার্থীকে হারিয়ে প্রধান হলেন। এমন ঘটনা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। উপ প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে জয়ী মাধব মাজি। বোর্ড গঠনের পর পঞ্চায়েত থেকে বেরিয়ে তাঁরা মালা পরে হাঁটলেন বিজয় উৎসবে।

জমিয়ে হলো আবির খেলা। আকাশে একসঙ্গে উড়ল গেরুয়া ও সবুজ আবির। উপস্থিত সকলের গালে-মাথায় একসঙ্গে মিলেমিশে থাকল দুই রঙেরই আবির। যদিও এই বোর্ড গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ভরতপুর ১ নং ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সরখেল। তিনি বলেন, যিনি প্রধান হয়েছেন তিনি দলবিরোধী কাজ করেছেন। দলের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন দলের সমর্থন নিয়ে প্রধান হয়েছেন। আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।












Click it and Unblock the Notifications