অধীর গড়ে তৃণমূলের মিছিলে বিজেপির পতাকা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
এর আগে বিজেপির মিছিলে সিপিএমের পতাকা কিংবা লাল পতাকার মিছিলে নরেন্দ্র মোদী জিন্দাবাদের খণ্ড চিত্র সামনে এসেছিল। সেই সময় তৃণমূল তীব্র কটাক্ষ করেছিল। এবার তৃণমূলের মিছিলে দেখা গেল বিজেপির পতাকা। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড়ঞার করালিতলা মোড় থেকে বাহাদুরপুর মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ জেলা তৃণমূলের কেষ্ট বিষ্টু-সহ এক ঝাঁক নেতৃত্ব।

জেলা সভাপতি উপস্থিতিতে তৃণমূলের পদযাত্রায় এক যুবকের হাতে দেখা গেল বিজেপির পতাকা হাতে। সামাজিক মাধ্যমে তৃণমূলের মিছিলে বিজেপির পতাকার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
তবে প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে কেনই বা ওই যুবক তৃণমূলের মিছিলে বিজেপির পতাকা হাতে এসেছিল। তবে বাম-কংগ্রেস তীব্র কটাক্ষ করে বলেছে আদতে দুই দলই যে এক তা এখান থেকে প্রমাণিত। তারা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করছেন, তা একেবারে সামনে এসে গেল।

অন্যদিকে বিজেপি বলছে, সেখানে ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল। আর বিজেপি কাউকে বলে দেয়নি যে বিজেপির পতাকা নিয়ে হাঁটতে। বিজেপির জেলা নেতৃত্ব বলছে, এখানে প্রমাণ হয়ে যাচ্ছে মানুষের মনে কী রয়েছে। আর এর পরে বিজেপি আসছে বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের।

যদিও স্থানীয় তৃণমূলের তরফে পুরো ঘটনাকে অস্বীকার করে বলা হয়েছে, বড়ঞায় ঐতিহাসিক মিছিল হয়েছে। এলাকার বহু ধরনের বহু মানুষ সেখানে গিয়েছিলেন। যে ব্যক্তির হাতে বিজেপির পতাকা ছিল তিনি মানসিক রুগী বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাস্তার ধারে থাকা বিজেপির পতাকা তিনি তুলেছিলেন বলে দাবি শাসক শিবিরের।

গত বছরের শেষের দিকে হুগলির পোলবায় বিজেপির মিছিলে কয়েকজনকে সিপিআইএমের পতাকা হাতে দেখা গিয়েছিল। মূলত আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ছিল সেই মিছিল। এই ঘটনার পরেই রাম-বাম জোট নিয়ে কটাক্ষ করেছিল শাসক তৃণমূল কংগ্রেস। বিজেপি দাবি করেছিল সিপিআইএম অভিভাবকহীন হওয়ায় দলের কর্মীরা তাদের মিছিলে হেঁটেছেন।
এব্যাপারে হুগলি জেলায় সিপিআইএমের সম্পাদক দেবব্রত ঘোষ বিজেপির মিছিলে সিপিআইএম কর্মীদের হাঁটার দাবি আস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন রাস্তায় টানানো সিপিআইমের পতাকা খুলে বিজেপি কর্মীরাই মিছিলে হেঁটেছেন।












Click it and Unblock the Notifications