পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম বিজেপি বিধায়কের! সিবিআই তল্লাশি রানাঘাটের বাড়িতে
পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো বিজেপি বিধায়কের। রবিবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে। ফিরহাদ হাকিম মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালো সিবিআই দল। বিজেপি বিধায়কের নাম জড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহালমহল।
দীর্ঘ সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড পার্থসারথী চট্টোপাধ্যায়ের। একাধিকবার দল বদল করে পার্থসারথী এখন বিজেপিতে। রানাঘাট থেকে পদ্মফুলে তিনি জয়ী হয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি। বলা ভালো, দীর্ঘ ২৫ বছরের রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদে থেকেছেন পার্থসারথী চট্টোপাধ্যায়। পুর নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ালো। এই প্রথম কোনও বিজেপি নেতা, বিধায়কের নাম এই দুর্নীতিতে সামনে এল।

সোমবার সকালে সিবিআই আধিকারিকরা রানাঘাট পৌঁছান। বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা হানা দেন। বাড়ির আশপাশ ঘিরে ফেলা হয়। যাতে কোনরওকম বাইরের লোক ভিতরে ঢুকতে না পারে। এই খবর লেখা পর্যন্ত সিবিআই তল্লাশি চলছে। বিজেপি বিধায়ককে জেরা করা হবে। একথা আন্দাজ করা যায়। রবিবারের পর সোমবারও সিবিআই তাদের তদন্ত চালাচ্ছে। বলা ভালো, কলকাতা থেকে জেলায় পৌঁছে যাচ্ছেন তদন্তকারীরা।
পার্থসারথী চট্টোপাধ্যায় নদিয়া জেলার রাজনীতিতে যথেষ্ট বড় নাম। দীর্ঘ সময়ের ডানপন্থী রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে। প্রথমে কংগ্রেসের হয়ে তিনি রাজনীতি করেছেন। ১৫ বছর কংগ্রেসের নেতা হয়ে রানাঘাটে তার কাজকর্ম। পুরসভার পুরপ্রধান পদেও তিনি ছিলেন। এরপর ২০১১ সালের ভোটের আগে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যান। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটও পেয়ে গিয়েছিলেন। সে বছর কংগ্রেসকে হারিয়ে তিনি ওই কেন্দ্রের বিধায়ক হন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি জিততে পারেননি। কংগ্রেসের কাছে তিনি হেরেছিলেন। যদিও রানাঘাট পুরসভার তৃণমূলের পুরপ্রধান পদে তিনি থেকেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি দলবদল করেন। বলা ভালো, ২০১৬ সালের পর থেকেই তৃণমূলে তার জায়গা ছোট হচ্ছিল। ক্রমশ তিনি একঘরে হয়ে পড়ছিলেন। শেষপর্যন্ত তিনি বিজেপিতে যোগ দেন।
বিজেপিতে তার যাওয়ার বিষয়েও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা। কলকাতা থেকে বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্যরা দিল্লি গিয়েছিলেন। অমিত শাহের হাত থেকে পদ্ম পতাকা নিয়ে তারা দলবদল করেন। সেই দলে পার্থসারথী চট্টোপাধ্যায় ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির টিকিট পান পার্থসারথী। বিপুল ভোটে তিনি জিতে বিজেপির বিধায়কও হন।
পার্থসারথীর বাড়িতে সিবিআই হানা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রথম পুর নিয়োগ দুর্নীতিতে কোনও বিজেপি নেতা বিধায়কের নাম জড়ালো। রানাঘাট ও কৃষ্ণনগর পুরসভাতেও পুর নিয়োগ দুর্নীতি যথেষ্ট পরিমাণে হয়েছে। সিবিআইয়ের আতসকাঁচের তলায় এই দুই পুরসভার কর্মী নিয়োগ ছিল। এর আগে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। একাধিক নথি উদ্ধার হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতির অন্যতম নাম অয়ন শীল জেলে।
অয়ন শীলের থেকে একাধিক তথ্য উঠে আসে। সেখানেই নদিয়া জেলার দুই পুরসভায় দুর্নীতির কথা সামনে এসেছে বলে খবর। রবিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দেয়। ৯ ঘণ্টা তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতেও তল্লাশি চলে। এবার সোমবার বিজেপি বিধায়কের বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা।












Click it and Unblock the Notifications