রাণাঘাটে ভোট দিলেন জগন্নাথ সরকার, বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মুকুটমণি
West Bengal Lok Sabha Voting: সকাল থেকে চলছে ভোটদান পর্ব রানাঘাট লোকসভা কেন্দ্রে। যেন দুই প্রার্থীর অস্তিত্ব রক্ষার লড়াই। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে তৃণমূলের থেকে লড়ছেন মুকুটমণি অধিকারী। চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে।
সোমবার সকালে ভোট দিতে যান বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। শান্তিপুরের ৮৬/১৫ নম্বর বুথে ভোট দেন তিনি। পরিবারের সকলকে নিয়ে ভোট দিতে দেখা যায় প্রার্থী জগন্নাথ সরকারকে। অন্য দিকে ভোট দিয়েছেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীও।

মাজদিয়ার নহাটা প্রাথমিক বিদ্যালয় ভোট দিয়েছেন মুকুটমণি অধিকারী। এদিন সকালে বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। ছেলেকে আশীর্বাদ করেন বাবা। ভোটে ছেলে যেন জিততে পারে। সেই কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি।
বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবারও জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী। রাণাঘাট লোকসভা অঞ্চলে তিনি দীর্ঘ দিন ধরে প্রচার চালিয়েছেন বিভিন্ন অঞ্চলে। এদিন ভোট দিয়ে বেরিয়েও প্রত্যাশার সুর তার গলাতে।
অন্যদিকে মুকুটমণি অধিকারী বিজেপির প্রতি অভিযোগ করেছেন সকালেই। নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। তাদের কাজে লাগানো হচ্ছে। মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন মুকুটমণি অধিকারী।
নাম না করে এদিন মিঠুন চক্রবর্তীকে খোঁচা দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকেও এদিন আক্রমণ করেছেন মুকুটমণি। বিজেপি যে কোনও সময় বিবাদ করতে পারে। নোংরামির রাজনীতি করে গেরুয়া শিবির। অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী।
ভোট দিয়ে দুই প্রার্থী বেরিয়ে পড়েছেন রাণাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে। সারা দিন সরেজমিনে তারা বিভিন্ন ভোট কেন্দ্র গুলি ঘুরে দেখবেন। ভোটের আগে মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন।
রাণাঘাট বিধানসভা এলাকার বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনি এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি তাকে প্রার্থী করেনি। জগন্নাথ সরকারকেই বিজেপি ফের টিকিট দেয়। তারপরেই দলবদল করেন মুকুটমণি অধিকারী। তিনি তৃণমূলের হয়ে এই কেন্দ্রে ভোট লড়ছেন।












Click it and Unblock the Notifications