বহরমপুরে শ্যুটআউট, বাইকে চেপে এল দুষ্কৃতীরা, খুন তৃণমূল কর্মী
বছরের শুরুতেই ফের রক্তাক্ত বাংলা। গুলিতে খুন হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস কর্মী। রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভর দুপুরে বাড়ির কাছে খুন হয়ে গেলেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। মৃতের নাম সত্যেন চৌধুরী। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
কী কারণে এই খুন? সেই সম্পর্কে এখনও পরিষ্কার তথ্য জানা যায়নি। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য তালাশ করছে। বাড়ির কাছেই সত্যেন চৌধুরী খুন হয়ে গেলেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে মারা হল। এমনই তথ্য প্রাথমিক ভাবে সামনে উঠে আসছে।

নিজের বাড়ির এলাকাতেই সত্যেন চৌধুরী রবিবার দুপুরে ছিলেন। একটি নির্মীয়মান বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় বাইকে করে তিন জন সেখানে আসে। বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল। সত্যেনবাবুর বুকে ও পেটে গুলি লাগে বলে খবর। বাইক চালিয়ে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছাড়ে।
গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্ধার করা হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক পরীক্ষার পরেই চিকিৎসকরা জানিয়ে দেন আর কোনও আশা নেই। মারা গিয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী।
রাজনৈতিক কারণে মুর্শিদাবাদ বরাবরই উত্তপ্ত। এবারও পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষের রক্ত ঝরেছে। খুন হয়েছেন একাধিক রাজনৈতিক কর্মী- সমর্থক। আবার নির্বাচন এগিয়ে আসছে। নতুন বছরের শুরুতেই কি ফের রাজনৈতিক দলাদলি সামনে এল ? খুনের রাজনীতি কি তাহলে শুরু হয়ে গেল মুর্শিদাবাদে? সেই প্রশ্ন উঠছে।
সত্যেন চৌধুরী আগে কংগ্রেস করতেন। এরপর তিনি দলবদল করে তৃণমূলে যান। যদিও বেশ কয়েক বছর ধরে তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না। নিজেকে অনেকটাই গুঁটিয়ে নিয়েছিলেন বলে খবর। এলাকার সামাজিক কাজকর্ম ও পুজোর মধ্যে তার উপস্থিতি লক্ষ্য করা যেত। ব্যক্তিগত প্রতিহিংসা না কী অন্য কোনও কারণে এই খুন? প্রশ্ন উঠছে।
শার্প শ্যুটার দিয়ে কি তাহলে এই খুন করা হল? দুষ্কৃতীরা কি জানতেন দুপুর বেলা ওই নির্মীয়মান বাড়ির এলাকাতেই থাকবেন সত্যেন চৌধুরী? এই প্রসঙ্গ জোরালো হয়ে উঠছে। ইতিমধ্যেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। আশেপাশের থানাগুলিকেও এই বিষয়ে জানানো হয়েছে। তিন দুষ্কৃতীকে ধরার জন্য শুরু হয়েছে তল্লাশি। এই খবর লেখা পর্যন্ত কোনও রাজনৈতিক দলের বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications