Adhir Chowdhury: মমতাকে ফের একবার আক্রমণ! কাউন্টিং এজেন্টদের বিশেষ নির্দেশ অধীর চৌধুরীর
Adhir Chowdhury: ভোট শেষ হতে না হতেই বাংলার বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, নির্বাচনের যত দফা গিয়েছে, বাংলা ততই উত্তপ্ত হয়েছে।
এক্সিট পোলের অনুমানকেও তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, গোদি মিডিয়া মোদীর পাশে ঘোরে। তারাই এই ধরনের রিপোর্ট তৈরি করেছে। পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছে, সে কথা বলতে তাঁর কোনও দ্বিধা নেই বলে জানিয়েছেন অধীর চৌধুরী।

মমতা সুবিধাবাদী
এদিন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাবাদী বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লকে প্রথমে থাকলেও পরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী বলেন, যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তাহলে জোটে আসবেন। তবে সেখানে কাকে নেওয়া হবে, না নেওয়া হবে, কে নাক গলাবে, সেটা সর্বভারতীয় কংগ্রেস কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।
মোদী এবার ক্ষমতার বাইরে
অধীর চৌধুরী দাবি করেন, এক্সিট পোল যাই বলুক না কেন, এবার নরেন্দ্র মোদী ক্ষমতার বাইরে যাাচ্ছেনই। তবে গোদি মিডিয়া এখনই মোদীকে ৪১৫ পার করে দিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, হয়ত মোদী ৫৪৩ টি আর দিদি ৪২০ টি আসন পেয়ে যাবেন। তবে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে, তারাই (ইন্ডিয়া ব্লক) ক্ষমতায় আসছে।
কাউন্টিং এজেন্টদের ওপরে চাপ
অধীর চৌধুরী বলেন, এক্সিট পোলের মাধ্যমে কাউন্টিং এজেন্টদের ওপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে। গণনার আগেই বলা হচ্ছে তোমরা তো হেরেই গেছো, এখন গুণে আর কী লাভ! এব্যাপারে তিনি তাঁর কাউন্টিং এজেন্টদের গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার কথা বলেছেন। শেষ সই করাল পর্যন্ত সেখানে নিয়মকানুন মেনে থাকতে হবে। কোনওভাবে কারও কথা শুনে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসা যাবে না।
সন্দেশখালি প্রসঙ্গ
সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারির তীব্র সমালোচনা করেন অধীর চৌধুরী। তিনি বলেন মুখ্যমন্ত্রী যদি বলেন, আগে জেতাও, তারপর সন্দেখালি যাবো, তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে?












Click it and Unblock the Notifications