মুর্শিদাবাদের নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসে, অধীর অনুগামী প্রাক্তন বিধায়ক যোগ দিতে চলেছেন মমতার দলে
মুর্শিদাবাদের নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসে, অধীর অনুগামী প্রাক্তন বিধায়ক যোগ দিতে চলেছেন মমতার দলে
রাজ্যে কংগ্রেসের সংগঠন বলতে ছিল মালদহ এবং মুর্শিদাবাদে। এবারের বিধানসভা নির্বাচনে এই দুই জেলা থেকেও কংগ্রেসের প্রাপ্তি শূন্য। ভোটের পর থেকে মুর্শিদাবাদে একাধিক নেতার দলত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অধীর চৌধুরী ঘনিষ্ঠ ৫ বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক। ২৩ সেপ্টেম্বর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

ফের বড় ভাঙনের মুখে মুর্শিদাবাদ কংগ্রেস
ফের বড় ভাঙনের মুখে মুর্শিদাবাদ কংগ্রেস, বলা ভাল অধীর চৌধুরীর কংগ্রেস। ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিতে চলেছেন দবে দাবি ঘাসফুল শিবিরের।

অধীরকে আবারও ধাক্কা দিতে পরিকল্পনা
৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনী যুদ্ধে রয়েছে কংগ্রেসও। কংগ্রেসের কফিনে আরও পেরেক পুঁততে চান একসময়ে অধীর চৌধুরীর অনুগত বলে পরিচিত একাধিক নেতা। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের বাড়ি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন সাংসদ আবু তাহের খান, তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান-সহ অন্যরা। সেখানেই মইনুল হককে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিষেকের সভাতেই যোগদান
২৩ সেপ্টেম্বর জঙ্গিপুরের এমডিআই ময়দানে প্রচারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল নেতৃত্ব ঠিক করেছে, সেই সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থএকে তৃণমূলের পতাকা তুলে নেবেন মইনুল হক। নিজের দলবদলের খবর সংবাদ মাধ্যমের কাছে স্বীকারও করে নিয়েছেন মইনুল হক। তিনি কংগ্রেসের তরফে ঝাড়খণ্ডের পর্যবেক্ষক। ইতিমধ্যেই ইতিন কংগ্রেসের পদ ত্যাগের চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধীর কাছে।

বিধানসভা ভোটের পরে অনেকেই অধীরের সঙ্গ ছেড়েছেন
২০২১-এর বিধানসভা ভোটের পর থেকে মুর্শিদাবাদের অনেক কংগ্রেস নেতাই অধীর চৌধুরীর সঙ্গ ছেড়েছেন। এর মধ্যে যেমন ছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিত মুখোপাধ্যায়, তেমনই দেখা গিয়েছিল হরিহরপাড়ার কংগ্রেস প্রার্থী মীর আলমগির পলাশকেও। মীর আলমগির পলাশ ১০ বছরের বেশি সময় ধরে কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। তৃণমূলে যোগ দেওয়াদের তালিকায় ছিলেন যুব কংগ্রেসের সহ সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উৎপল কুণ্ডু, সেবাদল চেয়ারম্যান হাবিবুল রহমান। এছাড়াও বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি কার্তিকচন্দ্র সাহা এবং বহরমপুর (পূর্ব) ব্লক কংগ্রেসের সভাপতি আশিস দে তৃণমূলে যোগ দিয়েছিলেন জুলাইয়ে। যাঁদের সাহায্য নিয়ে জয়, তাঁদেরকেই অধীর চৌধুরী মর্যাদা দেননি বলে অভিযোগ করেছিলেন দলত্যাগীরা।












Click it and Unblock the Notifications