Yearender 2022: ভারতীয় হকির কেমন কাটল ২০২২? কমনওয়েলথ গেমসে মহিলাদের সাফল্য থেকে হকি ইন্ডিয়ার হাল হকিকৎ একনজরে
ভারতীয় হকির ক্ষেত্রে উল্লেখযোগ্য বছর গেল ২০২২। ভারতের পুরুষ হকি দলের চেয়েও এবার নজর কাড়ল মহিলা হকি দল। কমনওয়েলথ গেমসের আসর থেকে হকি ইন্ডিয়ার হাল হকিকৎ চলতি বছরে ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। নতুন বছর আসার আগে চলুন দেখে নেওয়া যাক, কেমন কাটল এই বছরটি ভারতীয় হকির ক্ষেত্রে?

১৬ বছরের খরা কাটল
ভারতীয় হকির গ্রাফ চলতি বছরেও ঊর্ধ্বমুখী। ভারতের মহিলা হকি দল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতল। ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে হকির কোনও পদক এলো ভারতীয় মহিলা দলের ঝুলিতে। ভারতীয় পুরুষ হকি দলও এবারের গেমস থেকে পদক জিতেছে। পুরুষ হকি দল রুপো জিতেছে। তবে যেহেতু এই বছরেই ১৬ বছরের খরা কাটিয়ে মহিলা হকি দল কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত করল তা নিঃসন্দেহে গৌরবের বিষয়। ভারতের মহিলা হকি দল ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা এবং মেলবোর্ন গেমসে ২০০৬ সালে রুপো জিতেছিল। এবারের কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা হকি দল ব্রোঞ্জ জিতেছিল ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে পেনাল্টি শ্যুটআউটে ২-১ ব্যবধানে পরাস্ত করে। এই ব্রোঞ্জ যে ফ্লুক ছিল না তা ভারতের মহিলা হকি দল প্রমাণ করেছে ভ্য়ালেন্সিয়ায় এফআইএইচ নেশনস কাপে স্পেনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে। এর সুবাদে ২০২৩-২৪ এফআইএইচ প্রো লিগে খেলতে পারবে ভারতের মহিলা হকি দল।

মহিলারা টেক্কা দিলেন পুরুষ দলকে
নেশনস কাপে ভারতের মহিলা হকি দল অপরাজেয় ছিল। ২০২১-২২ প্রো লিগ মরশুমের প্রথম বছরেই ভারত তৃতীয় স্থানাধিকারী হয়েছিল। পরের মরশুমের যোগ্যতা অর্জন করতে পারেনি। ফের সেই ছাড়পত্র এবার আদায় করে নিল ভারত। চলতি বছর ভারতের মহিলা হকি দল এশিয়া কাপে তৃতীয় হয়েছিল চিনকে ২-০ গোলে হারিয়ে, জিতেছিল ব্রোঞ্জ। তবে জুনিয়র বিশ্বকাপে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। বিশ্বকাপও ভালো যায়নি। মাত্র একটি জয়, তিনটি ড্র ও দুটি হারের মুখোমুখি হয়ে নবম হয়। কিন্তু সেই ব্যর্থতা কাটিয়ে মাসখানেক পরই কমনওয়েলথ গেমসে পদক জয়।

পুরুষ দলের সাফল্য
ভারতের পুরুষ হকি দলও চলতি বছর সাফল্যের মুখ দেখেছে। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জয়। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে অবশ্য ৭ গোল হজম করতে হয়। জাকার্তায় এশিয়া কাপে গ্রাহাম রিডের প্রশিক্ষণাধীন দল তৃতীয় হয়। এরপর এফআইএইচ ফাইভস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়াকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে ভারতের অনূর্ধ্ব ২১ দল জোহোর কাপ জেতে। প্রো লিগে ভারত নিউজিল্যান্ডকে দুটি ম্যাচে হারালেও স্পেনের কাছে পরাস্ত হয়। বছরের শেষের দিকে ভারত বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে মুখোমুখি হয়। ১-৪ ব্যবধানে সিরিজে হারলেও কমনওয়েলথ গেমসের ফাইনালে যেভাবে বিধ্বস্ত হয়েছিল, তার তুলনায় অনেক ভালো পারফরম্যান্স উপহার দেয়। জানুয়ারির ১৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত ভুবনেশ্বর ও রৌরকেল্লায় বসছে বিশ্বকাপের আসর। তাতে ভালো ফল করতে বদ্ধপরিকর ভারত।
|
সভাপতি তিরকে
ভারতীয় হকি সংস্থায় নির্বাচন করানোর মেয়াদ পেরিয়ে যাওয়ায় ভারতীয় হকির উপর নির্বাসনের খাঁড়াও ঝুলছিল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যদিও শেষ অবধি নির্বাচনে জিতে ভারতের প্রাক্তন অধিনায়ক হকি ইন্ডিয়ার সভাপতি হয়েছেন।












Click it and Unblock the Notifications