Women's ACT Hockey: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের টানা দ্বিতীয় জয়, পরাস্ত দক্ষিণ কোরিয়া
Women's ACT Hockey: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও দুরন্ত ছন্দে। এদিন ভারতের মহিলা হকি দল টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল।
বিহারের রাজগীরে চলছে এই টুর্নামেন্ট। ভারত এদিন ৩-২ গোলে পরাস্ত করল দক্ষিণ কোরিয়াকে।

গ্রুপ পর্বের ম্যাচে আজ প্রথমার্ধে দাপট ছিল ভারতেরই। সঙ্গীতা কুমারী ও দীপিকার সৌজন্যে ভারত এগিয়ে যায় ২-০ গোলে। যদিও দ্বিতীয়ার্ধে ইউরি লি ও ইউনবি চেওনের গোলে ২-২ করে ফেলে দক্ষিণ কোরিয়া। ৫৭ মিনিটে জয়সূচক গোল দীপিকার।
কোরিয়া রক্ষণে জোর দিলেও হরেন্দ্র সিংয়ের প্রশিক্ষণাধীন ভারত শুরু থেকেই ম্যাচে আধিপত্য নিয়ে খেলতে থাকে। প্রথম গোলটি এসে যায় তিন মিনিটে। নেহা প্রথমে বল বাড়ান নবনীতকে। এরপর ডি বক্সে সঙ্গীতাকে বল পাঠান তিনি। ভারতের ফরওয়ার্ড রিভার্স হিটে দলকে এগিয়ে দেন।
২০ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। সুনেলিতা টোপ্পোর থেকে বল পেয়ে বিউটি ডুংডুং ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে বল বাড়ান দীপিকাকে। তিনি খুব কাছ থেকে গোল করতে কোনও ভুল করেননি। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ৩৪ ও ৩৮ মিনিটে তারা দুটি গোল পেয়ে যায়।
চতুর্থ তথা শেষ কোয়ার্টারে দুই দলই জয়সূচক গোলটি ছিনিয়ে নিতে মরিয়া ছিল। ডি বক্সে নবনীতকে ফাউল করা হলে গোলের সুবর্ণ সুযোগ পায় ভারত। দীপিকার গোলে ম্যাচ ভারত এগিয়ে যায় ৩-২-এ। এরপর আর কোনও দলই গোল পায়নি। বৃহস্পতিবার ভারত খেলবে তাইল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছিল ভারত।












Click it and Unblock the Notifications