১০ মিটার এয়ার রাইফেল : টোকিও অলিম্পিকেও কি পুরুষদের টেক্কা দেবেন মহিলারাই?
১০ মিটার এয়ার রাইফেল : অলিম্পিকেও কি পুরুষদের থেকে এগিয়ে থাকবেন মহিলারাই?
টোকিও অলিম্পিকের যে কয়টি ইভেন্ট থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রবল, সেই শুটিংয়ে নজর রয়েছে বিশ্বের। তারই আড়ালে লুকিয়ে রয়েছে এমন কিছু তথ্য, যা হয়তো অনেকরই অজানা। প্রসঙ্গ যদি ওঠে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের, তো সেখানে এক অসাধারণ বৈপরীত্য পরিলক্ষিত হয়। যে ইভেন্টে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। টোকিও গেমসেও কী দেখা যাবে একই রকম ফলাফল?

অঞ্জলি ভগবত
২০০২ সালে জার্মানির মিউনিখে আইএসএসএফ চ্যাম্পিয়ন্স ট্রফির ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ভারতের অঞ্জলি ভগবত। তারপর তাঁকে আরও একটি প্রতিযোগিতা সম্পর্কে সূচনা করা হয়। যেখানে পাঁচ সেরা পুরুষ শুটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হত পাঁচ মহিলাকে। তাতে অংশ নিয়েছিলেন ভারতের অঞ্জলি। একে একে সব পুরুষ শুটারদের পিছনে ফেলে ওই প্রতিযোগিতা থেকে তিনি প্রথম পুরস্কার জিতেছিলেন দেশের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শুটার।

সেই ট্রাডিশন সমানে চলছে
১৯ বছর আগে ভারতের অঞ্জলি ভগবত যে পরম্পরা শুরু করেছিলেন, সেই পরম্পরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বজায় রয়েছে। যে কোনও শুটিং বিশ্বকাপের একই ইভেন্টে পুরুষদের থেকে পয়েন্টের নিরিখে এগিয়ে থাকছেন মহিলারা। বিভাগ আলাদা হলেও এক জন পুরুষ শুটার যত পয়েন্ট নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনার পদক হাসিল করছেন, তার থেকে বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হচ্ছেন মহিলা প্রতিযোগিরা।

তথ্যভিত্তিক পরিসংখ্যান
২০১৯ সাল থেকে এখন পর্যন্ত পরিসংখ্যান ঘেঁটে দেখলে এ ব্যাপারে একটা স্পষ্ট রূপরেখা পাওয়া যায়। ওই বছর নয়াদিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে সর্বাধিক ৬৩৪ পয়েন্ট স্কোর করেন মহিলা শুটার। সেখানে পুরুষ শুটারদের পয়েন্ট ছিল ৬৩০.১। একই টুর্নামেন্টের ফাইনালে মহিলা শুটারের সর্বোচ্চ স্কোর ছিল ২৫২.৯। পুরুষ শুটার ২৪৯.৪ পয়েন্ট নিয়ে সোনা জিতেছিলেন। একই পরম্পরা শেষ দুই বছরে হওয়া শুটিং বিশ্বকাপ, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ও প্যান আমেরিকান গেমসেও দেখা যায়। ক্রোয়েশিয়ায় সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে কোয়ালিফিকেশন রাউন্ড এবং ফাইনালে পয়েন্টের নিরিখে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলা শুটাররা।

পোষাক ও শারীরিক গঠন
শুটাররা যে পোষাক পরে ফ্লোরে অবতীর্ণ হন, সেই স্টিফ জ্যাকেট মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হয়। তার প্রভাব পারফরম্যান্সে পরে। আবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট সফল হওয়ার ক্ষেত্রে শারীরিক গঠন একটা গুরুত্বহপূর্ণ ভূমিকা নিয়ে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সে নিরিখে মহিলা শুটাররা পুরুষদের থেকে এগিয়ে থাকেন বলে মনে করা হচ্ছে। কারণ লম্বা রাইফেল ধরার ক্ষেত্রে যে লোয়ার গ্রিপের প্রয়োজন হয়, তা মহিলারা পান বলে বিশেষজ্ঞদের দাবি।












Click it and Unblock the Notifications