Vinesh Phogat: প্রধানমন্ত্রীর দফতরের সামনে যেতে পুলিশের বাধা, অর্জুন ও খেলরত্ন কোথায় রেখে এলেন ভিনেশ?
Vinesh Phogat: অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। এবার সেই পুরস্কারগুলি ভিনেশ ফোগাট রেখে এলেন রাজধানীর কর্তব্য পথের ফুটপাথে।
দেশের মহিলা কুস্তিগীরদের প্রতি নিগ্রহের প্রতিবাদস্বরূপ তাঁর এই পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর আগে চিঠিও লিখেছিলেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই কুস্তিগীর।

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি হিসেবে ব্রিজভূষণ শরণ সিং-ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হতেই প্রতিবাদ জোরালো করেছেন কুস্তিগীররা। সাক্ষী মালিক অবসর ঘোষণা করে দিয়েছেন। বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী সম্মান রেখে এসেছেন কর্তব্য পথে। এবার একইভাবে প্রতিবাদের রাস্তায় হাঁটলেন ভিনেশ।
বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মুখ সাক্ষীকে যে পরিস্থিতির শিকার হয়ে অবসর নিতে হলো তাতে তীব্র হতাশা ব্যক্ত করেছেন ভিনেশ। নারীদের শুধু বিজ্ঞাপনের জন্য ব্য়বহার করার বিষয়টিরও সমালোচনা করেন তিনি। ব্রিজভূষণ শরণ সিং কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরলেও এই বিজেপি সাংসদকে গ্রেফতার করা হয়নি বলে ক্ষুব্ধ কুস্তিগীররা।
ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগীররা। তারপরও ব্রিজ রয়েছেন বহাল তবিয়তেই। এমনকী সঞ্জয় সভাপতি হওয়ার পর সব কিছু ব্রিজভূষণের অঙ্গুলিহেলনেই চলবে বলে মনে করছেন কুস্তিগীররা। সঞ্জয়কে ফেডারেশন সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
ভারতের কুস্তি সংস্থা দেখভালের জন্য নয়া কমিটি গড়ে দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। যদিও তাতে কুস্তিগীরদের ক্ষোভ প্রশমিত হয়নি। অনেকেই মনে করছেন এ সবটা আইওয়াশ। ভিনেশ আজ প্রধানমন্ত্রীর দফতরের সামনেই নিজের পুরস্কারগুলি রেখে আসতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দেয়। এরপরই কর্তব্য পথের ফুটপাথে নিজের পুরস্কারগুলি রেখে আসেন ভিনেশ।
এদিকে, বজরং পুনিয়া কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন দেশে কুস্তির প্রতিযোগিতাগুলি শুরু করার জন্য। এতে প্যারিস অলিম্পিকের জন্য যথাযথ প্রস্তুতির সুযোগ কুস্তিগীররা পাবেন বলেই মনে করছেন বজরং।












Click it and Unblock the Notifications