US Open Badminton: খেতাবের পথে আরও একধাপ এগোলেন লক্ষ্য, বিদায় সিন্ধুর
কানাডা ওপেনের পর এবার ইউএস ওপেন। খেতাব জয়ের পথে পথে আরও একধাপ এগোলেন লক্ষ্য সেন। শনিবার যুক্তরাষ্ট্র ওপেনের ব্যাডমিন্টনে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় পুরুষ শাটলার। স্বদেশীয় প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলেন লক্ষ্য।
শনিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১৯ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার শঙ্কর সুব্রমনিয়ানকে হারালেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২১-১০, ২১-১৭। প্রথম গেমে একপেশে লড়াইয়ে লক্ষ্য জিতেছিলেন। দ্বিতীয় গেমে কিছুটা খেলায় ফেরেন শঙ্কর। বেশ কয়েকবার চাপে ফেলেদিলেন লক্ষ্যকে। কিন্তু ২১-১৭ ফলেই গেম তথা ম্যাচ জিতে নিলেন লক্ষ্য সেন।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লক্ষ্য সেন হারিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের জান লৌডাকে। ম্যাচের ফল ছিল ২১-৮, ২৩-২১। প্রথম গেমে লক্ষ্যর সামনে দাঁড়াতেই পারেননি চেক প্রজাতন্ত্রের শাটলার। যদিও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের। তাও শেষ হাসি ফোটে লক্ষ্যর মুখে।
কয়েকদিন আগেই অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতা লি শি ফেংকে স্ট্রেট গেমে হারিয়ে কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন। ২০২২-এর আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর নাকে অস্ত্রোপচার করাতে হয় লক্ষ্যকে। তাঁর সেরে উঠতে অনেকদিন লেগে যায়।

এরপর ফিট হয়ে কোর্টে ফিরলেও, সাফল্য পাচ্ছিলেন না লক্ষ্য। পরপর কয়েকটি টুর্নামেন্টে শুরুতেই বিদায় নিতে হয় এই তরুণকে। তবে থাইল্যান্ড ওপেনে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যান লক্ষ্য। কানাডা ওপেন জিতে ফের সাফল্য ফিরে পেয়েছেন লক্ষ্য। এশিয়াডের আগে ইউএস ওপেন জিতলে আত্মবিশ্বাস আরও বাড়বে লক্ষ্য-র।
তবে খারাপ সময় অব্যাহত পিভি সিন্ধুর। লক্ষ্য সেমিতে পৌঁছলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হায়দরাবাদী মহিলা শাটলার। ২ বারের অলিম্পিক্স মেডেলজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিয়ের বিরুদ্ধে হেরে গেলেন। ২২-২০, ২১-১৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধুর প্রতিপক্ষ। প্রথম গেমে লড়াই করে হারলেও, দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারলেন না সিন্ধু।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাডমিন্টনের ক্রমতালিকাতেও নেমে গিয়েছেন হায়দরাবাদী শাটলার। বিশ্ব ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছেন সিন্ধু এই মুহূর্তে। দিন কয়েক আগেই কানাডা ওপেনের সেমিফাইনাল থেকে ফিরতে হয়েছিল পিভি সিন্ধুকে। এবার ইউএস ওপেনের শেষচারেই পৌঁছাতে পারলেন না দুইবারের অলিম্পিকে পদকজয়ী। তাহলে কী সিন্ধুর কেরিয়ার শেষের পথে? নাকি এশিয়াডের মঞ্চে ফিরবেন চেনা মেজাজে?












Click it and Unblock the Notifications