Unique Motorsport Event: ধাঁধা আর হেঁয়ালিতেই লুকিয়ে গন্তব্য, কলকাতার কর্পোরেট কার ট্রেজার হান্ট কেন অভিনব?
Unique Motorsport Event: কলকাতায় অভিনব মোটরস্পোর্টসের আসর। সময়, গতি গুরুত্বপূর্ণ। তবে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে সবার আগে ধাঁধার চ্যালেঞ্জ সামলাতে হবে। হেঁয়ালির উত্তর পেলেই মিলবে গন্তব্যের ঠিকানা।
ক্যালকাটা অন হুইলস-এর উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় রবিবাসরীয় সকালে হয়ে গেল কর্পোরেট কার ট্রেজার হান্ট ২০২৩। উদ্যোক্তারা জানালেন, ১৫ বছর ধরে এমন ইভেন্ট হলেও কর্পোরেটদের নিয়ে ইভেন্ট হচ্ছে ছয় বছর ধরে।

প্রায় দেড়শো প্রতিযোগী অংশ নিলেন এবারের প্রতিযোগিতায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, উইপ্রো, আইটিসি-সহ ৫০টিরও বেশি কর্পোরেট সংস্থা যোগ দিয়েছিল কার ট্রেজার হান্টে। যার মধ্যে ছিল ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি, পেট্রোলিয়াম, ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসের সঙ্গে যুক্ত সংস্থা।

সল্টলেকে সিটি সেন্টারের কাছে একটি হোটেল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যাঁরা অংশ নিলেন তাঁরা জানতে পারলেন শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানা মিউজিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। কেন না, গাড়ি নিয়ে যাত্রা শুরুর আগেই প্রতিযোগীদের হাতে ধরিয়ে দেওয়া হয় মিউজিয়ামর ক্লু দেওয়া ধাঁধার তালিকা।

ধাঁধার উত্তর বের করে প্রতিযোগীরা গাড়ি ছোটালেন নিউটাউনের এয়ারক্রাফট মিউজিয়াম, পুলিশ মিউজিয়াম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মিউজিয়াম, নেতাজি মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রতিটি মিউজিয়ামের সামনেই র্যালি অফিসিয়াল ও মার্শালরা ছিলেন। কে কখন কোথায় পৌঁছলেন তা নিশ্চিত করতে স্ট্যাম্প মেরে দেন তাঁরা।
এভাবেই এক মিউজিয়াম থেকে অন্য মিউজিয়ামে গেলেন প্রতিযোগীরা। কেউ সব কটিতেই পৌঁছলেন। কেউ আবার সব রহস্যভেদ করতে পারলেন না। প্রতিটি গাড়িতে ছিলেন দুই থেকে চারজন করে। স্বল্প সময়ের মধ্যে সব গন্তব্যে পৌঁছতে পারার নিরিখেই চ্যাম্পিয়ন ঘোষণার বন্দোবস্ত ছিল।

উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরই এই ইভেন্টের জনপ্রিয়তা বাড়ছে। প্রতিযোগীরাও হার-জিতের থেকে বেশি উপভোগ করলেন প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই। তাঁদের কথায়, এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শহর সম্পর্কে আরও অনেক কিছু জানার সুযোগ পেলাম। এটাই বা কম কীসের?












Click it and Unblock the Notifications