BOA: ব্যর্থ হলে জবাবও দিতে হবে, রাজ্যের ক্রীড়া সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন অরূপ বিশ্বাস
চলতি জাতীয় গেমসে ভালো সাফল্য পেয়েছে বাংলা। বৃহস্পতিবার পদকজয়ী অ্যাথলিটদের সংবর্ধনা দিল বেঙ্গল অলিম্পিক্স সংস্থা। এবার শুরু হতে চলেছে নেতাজি সুভাষ স্টেট গেমস। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্য গেমসের। এবার কলকাতা এবং মালদার একাধিক ভেন্যুতে রাজ্য গেমসের খেলাগুলি হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হল রাজ্য গেমসের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু।
এই মঞ্চ থেকেই রাজ্যের ক্রীড়া সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আমাদের ৩৮টি সংস্থা, আর ছয়টি সহযোগী সংস্থা। আমি যদি এই ছয়টা সহযোগী সংস্থাকে বাদ দিই তাহলে এই ৩৮টি সংস্থার মধ্যে ১৪টি সংস্থার ক্রীড়াবিদরা পদক পেয়েছে। বাকিরা ০। এটা নিয়ে আমাদের ভাবতে হবে।

একইসঙ্গে তিনি বলেন, আমি বিওএ কর্তাদের বলব এই ২৪টি সংস্থাকে নিয়ে আলোচনায় বসুন কেন তারা একটা পদকও আনতে পারল না। আলোচনা করুন। ভালো হলে যেমন পুরস্কৃত করা হবে তেমনই ব্যর্থ হলে জবাবও দিতে হবে। সংস্থা আছে কিন্তু কোথায় অফিস সেটা কেউ জানে না। সংস্থাগুলির পদে একই লোক ২০,২৫ বছর ধরে থাকবে আর বছর শেষে ফলাফল ০, এটা সরকার আর মেনে নেবে না। আমাদের সরকার সব খেলাধুলাকে সব রকম সহযোগিতা করে। আমাদের ফলাফল দরকার।
একইসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, আমাদের রাজ্যে প্রতিভার অভাব নেই। কিন্তু নির্বাচনেই গণ্ডগোল হচ্ছে। মুখ দেখা দেখির বিষয় আছে। পছন্দ-অপছন্দের বিষয় আছে। কোচ কার কাছের কার কাছের নয় সেটা আছে। কিন্তু এবার থেকে কোনও প্রতিভাবান খেলোয়াড়কে বঞ্চিত করা যাবে না। এবার থেকে এই বিষয়ে আমাদের কাছে কোনও রিপোর্ট এলে আর সেই ক্রীড়া সংস্থাকে রেয়াত করা হবে না। এবার বাংলা থেকে একজনও অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারেনি। এটা আমাদের লজ্জা। এটা বেঙ্গল অলিম্পিক্স সংস্থার লজ্জা। সরকার সাহায্য করবে, পরিকাঠামো তৈরি করে দেবে। কিন্তু সরকারতো মাঠে গিয়ে খেলবে না।
এর পাশাপাশি অরূপ বিশ্বাস বলেন, আমি সমস্ত ক্রীড়া সংস্থাকে বলব ক্রীড়াবিদের বিভাগে ভাগ করুন। কারা পদক দিতে পারছে বা আর কারা পদক দিতে পারছেন না। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন সবক্ষেত্রে বাংলা এক নম্বরে থাকবে। তাহলে খেলাধুলায় কেন বাংলা পারবে না। বাংলার খেলাধুলায় বার বারই দলাদলির অভিযোগ উঠেছে। এর আগেও একাধিকবার ক্রীড়া মন্ত্রী ধমক দিয়েছিলেন কর্তাদের। কিন্তু কাজের কাজ বাস্তবে কিছুই হয়নি।












Click it and Unblock the Notifications