সিন্ধু, প্রণয় ও চিরাগ-সাত্ত্বিক ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে, শ্রীকান্তের বিদায়
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। তবে দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত।
পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির জুটি।

পিভি সিন্ধু আজ হারিয়ে দিলেন চিনের ইউ হানকে। জয় ছিনিয়ে নিলেন মাত্র ৩৩ মিনিটেই। প্রথম রাউন্ড বেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই জিততে হয়েছিল সিন্ধুকে। এদিন অবশ্য দাপট বজায় রেখেই জয় পেলেন। খেলার ফল ২১-১২, ২১-১৫।
সিন্ধু এই প্রতিযোগিতায় খেলছেন অষ্টম বাছাই হিসেবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সিন্ধুকে খেলতে হবে দ্বিতীয় বাছাই কোরিয়ান আন সে ইয়ংয়ের বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে পাঁচটি দ্বৈরথের পাঁচটিতেই ইয়ংয়ের কাছে হেরেছেন সিন্ধু।

সিন্ধুর মতোই পুরুষদের সিঙ্গলসে অষ্টম বাছাই এইচএস প্রণয়। তিনি কোয়ার্টার ফাইনালে উঠলেন ইন্দোনেশিয়ার চিকো অরা ডুই ওয়ারডোয়োকে হারিয়ে। ৬১ মিনিটের লড়াই তিনি জিতলেন ২১-১৬, ৫-২১, ২১-১৮ ব্যবধানে। তাঁর আগামী প্রতিপক্ষ জাপানের কান্তা সুনেইমা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি খেলছেন ষষ্ঠ বাছাই হিসেবে। কোরিয়ার জিন ইয়ং ও না সুং সিউং জুটিকে হারিয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন শেষ আটে। পরবর্তী প্রতিপক্ষ তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্ড্রা সেতিয়াওয়ানের জুটি। মিক্সড ডাবলসের শেষ আটে গিয়েছে রোহন কাপুর-সিক্কি রেড্ডি জুটি।
কিদাম্বি শ্রীকান্ত ১৪-২১, ২২-২০, ৯-২১ ব্যবধানে পরাস্ত হয়েছেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারাওকার কাছে। মহিলাদের ডাবলসে চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে সরে দাঁড়ায় তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি। রাউন্ড অব সিক্সটিনে মিক্সড ডাবলসে পরাস্ত হয়েছে বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোন্নাপ্পা জুটি।












Click it and Unblock the Notifications