Syed Modi International: চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে জয়, অবশেষে ট্রফি জয়ের স্বাদ পেলেন সিন্ধু
পিভি সিন্ধুর সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। মাঝে দীর্ঘ সময় ধরেই কোনও ট্রফি জিততে পারছিলেন না, বড় টুর্নামেন্ট হলেই ব্যর্থতা নিয়ে কোর্ট ছাড়তে হচ্ছিল হায়দরাবাদী তারকাকে। অবশেষে সাফল্যের আলোয় উদ্ভাসিত হলেন পিভি সিন্ধু।
সিন্ধু অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন, বর্তমানে ব্যাডমিন্টন বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে একজন। ২০২৪ সালে প্রথম খেতাব জিতলেন সিন্ধু। ভারতীয় সিনিয়র শাটলার রবিবার লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ফাইনালে জিতে তাঁর দুই বছরের দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটিয়েছেন। চিনের লুো ইউ উ-কে হারিয়ে অবশেষে ট্রফি জিতলেন সিন্ধু।

চিনের প্রতিপক্ষ মানেই সিন্ধুর কাছে শক্ত গাঁট। বার বার চিনের প্রতিপক্ষদের বিরুদ্ধে শেষ দুই বছরে একাধিকবার হারতে হয়েছে তাঁকে। রবিবার ফাইনাল ম্যাচের শুরু থেকেই পরিচিত আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন সিন্ধু। প্রথম থেকেই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে থাকেন সিন্ধু। প্রথম গেম সহজেই ২১-১৪ ফলে জিতে যান।
কিন্তু দ্বিতীয় গেমে খেলায় ফেরেন চিনের লুো ইউ উ। একটা সময় গেমের ফল ছিল ১০-১০। কিন্তু অভিজ্ঞতাকে সঙ্গী করেই গেম তথা ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা। চলতি বছরটা একেবারেই ভালো যায়নি সিন্ধুর। প্যারিস অলিম্পিক্সে ব্যর্থ হন তিনি। এমনকি গোটা বছরে তাঁর ট্রফি জয়ের সংখ্যা ছিল ০। অবশেষে বছরেরর শেষে ছন্দে ফিরলেন সিন্ধু।
গোটা টুর্নামেন্টেই ভালো খেলেছেন সিন্ধু। প্রতিযোগিতার শীর্ষ বাছাই পিভি সিন্ধু সেমিফাইনালের ম্যাচে ১৭ বছরের উন্নতি হুডাকে মাত্র ৩৬ মিনিটেই হারিয়ে দেন। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-৯। সিন্ধুর মতোই এই খেতাব জিতলেন লক্ষ সেনও, সিঙ্গাপুরের জিয়া তেই-র বিরুদ্ধে ২১-৬,২১-৭ ফলে হারিয়ে প্রথমবার এই খেতাব জিতলেন লক্ষ সেন। ফাইনালে প্রতিপক্ষকে কোনও সুযোগই দিলেন না লক্ষ।
অন্যদিকে, ফাইনালে চিনের বাও লি জিং এবং লি কিয়ানকে পরাজিত করে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ সৈয়দ মোদী ইন্টারন্যাশনালের ডাবলস খেতাবের শিরোপা জিতেছেন। ভারতীয় জুটি তাদের চিনের প্রতিপক্ষদের ২১-১৮, ২১-১১ ফলে হারিয়ে দেন। মাত্র ৪০ মিনিটে ফাইনাল জিতে নেন তারা।












Click it and Unblock the Notifications