ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও লক্ষ্য
জাকার্তায় চলছে ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তারই পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন যথাক্রমে লক্ষ্য সেন ও পিভি সিন্ধু। থমাস কাপজয়ী ভারতীয় দলের সদস্য লক্ষ্য এদিন প্রথম শেষ আটে পৌঁছান। তারপর কোয়ার্টার ফাইনালে ওঠেন সিন্ধু। তবে দ্বিতীয় বাছাই জুটির কাছে হেরে গিয়ে মিক্সড ডাবলসের শেষ আটে পৌঁছাতে পারল না বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোন্নাপ্পা জুটি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ১৩ নম্বর শাটলার ডেনমার্কের রাসমাস জেমকে। মাত্র ৫৪ মিনিটেই ডেনমার্কের প্রতিপক্ষকে পরাস্ত করেন লক্ষ্য। খেলার ফল ২১-১৮, ২১-১৫। লক্ষ্য সেন এই প্রতিযোগিতায় খেলছেন সপ্তম বাছাই হিসেবে। সেমিফাইনালে উঠতে হলে তাঁকে জিততে হবে তৃতীয় বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে। জায়ান্ট কিলার লক্ষ্য সম্প্রতি যে ছন্দে রয়েছেন তাতে আত্মবিশ্বাসী থাকাই যায়।

মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু (PV Sindhu)-র জন্যও কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে। সিন্ধুর পরবর্তী প্রতিপক্ষ পঞ্চম বাছাই রাচানক ইনতানন (Ratchanok Intanon)। সিন্ধু আজ মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ার অবাছাই গ্রেগরিয়া মারিস্কা তুনজুংয়ের। সিন্ধু এর আগে তাঁকে ৬ বার হারিয়েছেন, এদিন শুরুটাও করেছিলেন দাপটের সঙ্গেই। একটা সময় ১০-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু দারুণ কামব্যাক করেন তুনজুং। প্রথম গেমে পিছিয়ে থেকেও ১৫-১৫ করে ফেলেন এবং তীব্র লড়াই চালিয়ে প্রথম গেম জিতে নেন ২১-১৮ ব্যবধানে। দ্বিতীয় গেমও হয় বেশ উত্তেজক। প্রথমে ১০-৫-এ তুনজুং এগিয়ে যান, সিন্ধু সেখান থেকে ১৫-১৫ করেন এবং দ্বিতীয় গেম জেতেন ২১-১৫ ব্যবধানে। নির্ণায়ক তৃতীয় গেমে অবশ্য সিন্ধু নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২১-১১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শেষ আটে পৌঁছে যান। এই খেলাটি চলে ১ ঘণ্টা ১১ মিনিট। অন্যদিকে, রাচানক কার্স্টি গিলমারের বিরুদ্ধে দ্বিতীয় গেমে হেরে গিয়েও শেষ অবধি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।












Click it and Unblock the Notifications