PKL Season-11: প্রো কবাডি লিগে ২২ এলিট প্লেয়ার ধরে রাখল দলগুলি, তারকাদের যেতে হচ্ছে ভাগ্য পরীক্ষায়
PKL Season-11: প্রো কবাডি লিগের একাদশ সংস্করণের আগে ১৫ ও ১৬ অগাস্ট হবে প্লেয়ারদের নিলাম। তার আগে ২২ জন এলিট প্লেয়ারকে ধরে রাখল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
যদিও পবন শেরাওয়াত, প্রদীপ নারওয়াল-সহ অনেক তারকাকেই নিলামে যেতে হচ্ছে ভাগ্য পরীক্ষায়।

তিনটি পর্যায়ে দলগুলি প্লেয়ারদের ধরে রাখল। সেগুলি হলো- এলিট রিটেইনড প্লেয়ার, রিটেইনড ইয়ং প্লেয়ার ও এগজিস্টিং নিউ ইয়ং প্লেয়ার। সব দলই কোর গ্রুপকে ধরে রেখেছে। এর নিলাম থেকে প্রয়োজনমতো দলগুলিকে শক্তিশালী করবে।
দাবাং দিল্লি কেসি ধরে রেখেছে রেইডার আশু মালিক ও নবীন কুমারকে। গত সংস্করণে মোস্ট ভ্যালুয়েবল পুরস্কার জেতা আসলাম ইনামদারকে ধরে রেখেছে পুনেরি পল্টন। তারকা প্লেয়ার অর্জুন দেসওয়ালকে ধরে রেখেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
মোট ৮৮ জন প্লেয়ারকে ধরে রাখা হয়েছে। এলিট রিটেইনড প্লেয়ার বিভাগে ধরে রাখা হয়েছে ২২ জনকে। রিটেইনড ইয়ং প্লেয়ার বিভাগে ২৬ জন প্লেয়ার তাঁদের পুরানো দলের হয়ে খেলার সুযোগ পাবেন। এগজিস্টিং নিউ ইয়ং প্লেয়ার বিভাগে ৪০ জনকে ধরে রাখা হয়েছে।
পবন, প্রদীপদের পাশাপাশি মনিন্দর সিং, ফজেল আত্রাচালি, মহম্মদরেজা শাদলুই চিয়ানেহকে ছেড়ে দিয়েছে তাঁদের দলগুলি। ফলে এই তারকাদের নিলামেই ভাগ্য পরীক্ষা হবে। নিলামের আসর এবার বসছে মুম্বইয়ে।
ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের রাখা হচ্ছে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে। প্রতিটি ক্যাটাগরিতে থাকছে অলরাউন্ডার, ডিফেন্ডার ও রেইডারদের সাব-ক্যাটাগরি। ক্যাটাগরি এ-র বেস প্রাইস ৩০ লক্ষ, বি-র ২০ লক্ষ, সি-র ১৩ লক্ষ ও ডি-র ৯ লক্ষ টাকা।
প্রো কবাডি লিগের সিজন ১১-র প্লেয়ার পুলে থাকছে পাঁচশোর বেশি খেলোয়াড়ের নাম। চলতি বছর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ফাইনাল খেলা দুই দলের ২৪ জন প্লেয়ারও থাকছেন নিলামে ভাগ্য পরীক্ষার অপেক্ষায়। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্যালারি পার্স ৫ কোটি টাকা নির্ধারিত হয়েছে।












Click it and Unblock the Notifications