মিলখাই অনুপ্রেরণা, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের কোন বার্তা মোদীর
মিলখাই অনুপ্রেরণা, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের কোন বার্তা মোদীর
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত কিংবদন্তি মিলখা সিং-কে নিজের অনুপ্রেরণা আখ্যা দিয়ে টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিরারের মন কি বাত অনুষ্ঠানে ওই অ্যাথলিটদের উজ্জ্বীবিত করতে দেশের নাগরিকদেরও বিশেষ দায়িত্ব পালন করতে বলেছেন দেশের প্রশাসনিক প্রধান। ঠিক কী বলেছেন নরেন্দ্র মোদী।

'দেশকে গর্বিত করুন'
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মনে বল জোগাতে এর আগে শুভেচ্ছাবার্তা সম্বলিত টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। মেগা গেমসের ২৬ দিন আগে প্রধানমন্ত্রীর রবিবারের মন কি বাত অনুষ্ঠানে আরও এক উঠে এল অলিম্পিক প্রসঙ্গ। বললেন, অ্যাথলিটদের দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম স্বার্থক হওয়ার সময় হয়েছে। মোদীর কথায়, ভারতীয় অ্যাথলিটরা কেবল নিজেদের জন্য অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন না, তাঁদের সঙ্গে দেশের গর্ব এবং আবেগ জড়িয়ে। সে কথা ভেবেই দেশের অ্যাথলিটদের অলিম্পিকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বলেছেন মোদী।

নাগরিকদের বার্তা মোদীর
অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এবং পরিশ্রম করে অলিম্পিকে অংশ নিতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁদের ওপর যাতে অযথা প্রত্যাশার চাপ তৈরি না করা হয়, দেশের নাগরিকদের তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। বরং টোকিওগামী অ্যাথলিটদের অনুপ্রাণিত করা দেশের ক্রীড়াপ্রেমীদের প্রধান কাজ হওয়া উচিত বলে মনে করেন নরেন্দ্র মোদী। দেশের সেরা অ্যাথলিটদের উজ্জ্বীবিত করতে সোশ্যাল মিডিয়ায় #Cheer4India ক্যাম্পেন শুরু করেছে ভারত সরকার। দেশের নাগরিকদের তাতে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সৃজনশীল ভাবনার মাধ্যমে টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের সমর্থনে নাগরিকদের এগিয়ে আসতে বলেছেন মোদী।

দেশের বিভিন্ন স্টেশনে সেলফি পয়েন্ট
আগামী ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হতে চলা অলিম্পিকে ভারতের প্রায় ১০০ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। ফলে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসতে চলেছে বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। অ্যাথলিটদের মনে বল জোগাতে বিশেষ উদ্যোগও নিয়েছে রিজিজুর দফতর। রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে দেশের বিভিন্ন স্টেশনে মোট ৬ হাজার সেলফি জোন তৈরি করা হয়েছে। সেখানে তোলা ছবি দিয়ে টোকিওগামী অ্যাথলিটদের শুভেচ্ছা জানানোর জন্য নাগরিকদের আবেদন জানানো হয়েছে। এবারের অলিম্পিক অভিযানকে দেশের মানুষের মনে জায়গা করে দিতেই এই ব্যাপক উদ্যোগ বলে রিজিজুর তরফে জানানো হয়েছে।

মিলখা সিং অনুপ্রেরণা
অলিম্পিক অভিযান নিয়ে বলতে গিয়ে কিংবদন্তি মিলখা সিংয়ের প্রসঙ্গে তুলেছেন প্রধানমন্ত্রী। 'উড়ন্ত শিখ'কে নিজের জীবনের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকের কঠিন সংগ্রামে ভারতীয় অ্যাথলিটদের মিলখা সিং-কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মুখোমুখি সাক্ষাতে প্রয়াত অ্যাথলিট তাঁকে কীভাবে মুগ্ধ করেছিলেন, তাও জানিয়েছেন মোদী।












Click it and Unblock the Notifications