Padma Awards: শ্রীজেশ পদ্মভূষণ, অশ্বিন-বিজয়নরা পদ্মশ্রী প্রাপকদের তালিকায়
Padma Awards: এ বছরের পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হলো আজ। যাতে নাম রয়েছে বেশ কয়েকজন ক্রীড়াবিদের।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি মেলার পর যে তালিকা প্রকাশিত হয়েছে রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগের দিন, তাতে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন, পদ্মভূষণ ১৯ জন ও পদ্মশ্রী ১১৩ জন।

ক্রীড়াক্ষেত্রের কারও নাম নেই পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায়। মাত্র একজন ক্রীড়াবিদই পাচ্ছেন পদ্মভূষণ। তিনি হলেন ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেশ। এ ছাড়া মোট ৪ জন ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্মশ্রী।
টোকিও ও প্যারিস অলিম্পিক্সে ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল। এই সাফল্যের পিছনে বড় অবদান ছিল পিআর শ্রীজেশের। প্যারিস অলিম্পিক্সের পরই তিনি অবসর নিয়েছেন। ভবিষ্যতের প্রতিভা গড়ার কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন শ্রীজেশ। তিনি এখন ভারতের ছেলেদের জুনিয়র হকি দলের হেড কোচ।
রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী পেলেন ক্রিকেটে অবদানের জন্য। গত বছর বর্ডার-গাভাসকর ট্রফি চলার মধ্যেই অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেশে ফেরেন। ১০৬টি টেস্টে দেশের হয়ে ৫৩৭টি উইকেট দখল-সহ একাধিক নজির রয়েছে অশ্বিনের বর্ণময় কেরিয়ারে।
পদ্মশ্রী পাচ্ছেন আইএম বিজয়নও। কেরলের বিজয়ন কলকাতা ময়দানেও চুটিয়ে খেলেছেন। ভারতের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। ২০০০ থেকে ২০০৪ অবধি বিজয়ন ভারতের অধিনায়ক ছিলেন। দেশের হয়ে ৭২টি ম্যাচে বিজয়নের ২৯টি গোল রয়েছে।
গত বছর প্যারিস প্যারালিম্পিক্সের তিরন্দাজিতে সোনাজয়ী হরবিন্দর সিংও পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন। টোকিও প্যারালিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। ভারত গত বছর প্যারালিম্পিক্সে সর্বকালীন সেরা সাফল্য পেয়েছিল। টোকিও ও প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যে অবদান রয়েছে প্যারা কোচ সত্যপাল সিংয়ের। ২০১২ সালে তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। এবার পেলেন পদ্মশ্রী। উচ্চশিক্ষিত একাধিক ডিগ্রিধারী সত্যপালের স্পোর্টস কোচিংয়ে ডিপ্লোমাও রয়েছে।












Click it and Unblock the Notifications