দিল্লির কুস্তিগীর খুনে পলাতক সুশীলের বিরুদ্ধে লুক আউট নোটিশ পুলিশের
দিল্লির কুস্তিগীর খুনে পলাতক সুশীলের বিরুদ্ধে লুক আউট নোটিশ পুলিশের
দিল্লির তরুণ কুস্তিগীরের খুনের ঘটনায় এফআইআর দায়ের হওয়া তারকা সুশীল কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ। অলিম্পিকে দুই বারের পদকজয়ী ভারতীয় কুস্তিগীরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় সাক্ষী হিসেবে ভাগতু ও রবীন্দর নামের আরও দুই কুস্তিগীরকে জিজ্ঞাসাবাদ করে সুশীল এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খুন সংক্রান্ত তথ্য ও প্রমাণ জড়ো হয়েছে বলে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে যে ঘটনার পর হরিদ্বারে চলে গিয়ছিলেন সুশীল কুমার। সেখানে এক আশ্রমে গা ঢাকা দিয়েছিলেন ভারতের কিংবদন্তি কুস্তিগীর। এরপর ঋষিকেশ হয়ে সুশীল ফের দিল্লি ফেরেন বলে জানতে পারে পুলিশ। তবে ধরা পড়ার ভয়ে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করছেন বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এই সূত্রে দুই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরের পরিবারের সদস্যদের জেরা করতে পারে পুলিশ।
গত ৪ মে ঘটনাটি ঘটেছিল উত্তর দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে। অনুশীলন চলার সময় ভারতের তরুণ কুস্তিগীর কুমার, অজয়, প্রিন্স, সোনু মহল, সাগর ধনকড় এবং অমিত কুমারের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় দিল্লি পুলিশের হেড কনস্টেবল ২৩ বছরের সাগরের মৃত্যু হয়। আহত সোনু ও অমিত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের জিজ্ঞাসাবাদ করেও সুশীল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের।
তদন্তে নেমে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়ি থেকে পাঁচটি কার্তুজ সহ ডবল ব্যারেল গান এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত কুস্তিগীরের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনাস্থলে ছিলেন সুশীল কুমার। যিনি ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন। বাকি অভিযুক্তদেরও খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।
ঘটনায় আহত দুই কুস্তিগীরের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মৃত সাগর ধনকড়কে উচিত শিক্ষা দিতে তাঁর মডেল টাউনের বাড়ি থেকে তুলে আনেন সুশীল ও তাঁর সঙ্গীরা। যদিও সংঘর্ষের আসল কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে কেনই বা যুক্ত হল সুশীল কুমারের নাম, তাও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications