টিকাকরণ থেকে অনুশীলন, অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস মোদীর
টিকাকরণ থেকে অনুশীলন, অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সব পরিষেবা প্রদানে উদ্যোগী মোদী
করোনা ভাইরাসের আবহে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটরা যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিভিউ মিটিংয়ে মেগা ইভেন্ট শুরুর ৫০ দিন আগে দেশের অ্যাথলিটদের প্রস্তুতি এবং হাল-হকিকৎ খতিয়ে দেখেছেন মোদী। কোথাও কোনও খামতি থাকলে তা অবিলম্বে পূরণ করার নির্দেশও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং
টোকিও অলিম্পিক্সের জন্য ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতি খতিয়ে দেখতে মেগা ইভেন্ট শুরুর ৫০ দিন আগে রিভিউ মিটিং ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ছাড়াও বিভাগীয় কর্তা ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাত্রাও হাজির ছিলেন। বৈঠক আশাব্যঞ্জক হয়েছে বলেও খবর।

সন্তুষ্ট হয়েছেন মোদী
করোনা ভাইরাসের আবহে টোকিও অলিম্পিক্সের জন্য যেভাবে দেশের অ্যাথলিটদের প্রস্তুতি চলছে, তা দেখে খুশিই হয়েছেন নরেন্দ্র মোদী। টোকিওগামী ভারতীয় অ্যাথলিট, কোচ এবং সাপোর্ট স্টাফদের কোভিড ১৯ টিকাকরণের অগ্রগতি নিয়েও সন্তোষপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। অলিম্পিক্সে অংশ নিতে চলা যে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের এখনও টিকার আওতায় আনা যায়নি, তাঁদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের আবহে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটরা যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাও নিশ্চিত করতে বলছেন প্রধানমন্ত্রী।

টোকিওয় ভারতের কত অ্যাথলিট
১৩৫ কোটি ভারতবাসীর স্বপ্নের ফেরিওয়ালা হয়ে টোকিও অলিম্পিক্সে অ্যাথলিট অংশ নেবেন প্রশ্নের উত্তরও রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। তাঁকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত মেগা ইভেন্টের ১১টি বিভাগে ১০০ জন অ্যাথলিট খেলার যোগ্যতা অর্জন করেছেন। আরও ২৫ জন অ্যাথলিট যোগ্যতা অর্জনের মুখে অবস্থান করছেন বলে জানানো হয়েছে। জুনেই তাঁদের কোয়ালিফাই রাউন্ড হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সূচিত করা হয়েছে। অন্যদিকে প্যারালিম্পিক্সে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন ভারতের ২৬ জন অ্যাথলিট। ১৬ জন যোগ্যতা অর্জনের মুখে দাঁড়িয়ে রয়েছেন বলে জানানো হয়েছে।

ভাল ফল নিয়ে আশাবাদী রিজিজু
অ্যাথলিট সংখ্যার নিরিখে রিও অলিম্পিক্সের পরেই স্থান পাবে টোকিও। তার প্রেক্ষিতে এবার দেশে পদকও বেশি আসা উচিত বলে মনে করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। এবার পদক জয়ের নিরিখে ভারত ইতিহাস রচনা করতে পারে বলে মনে করেন রিজিজু।












Click it and Unblock the Notifications