উশু চ্যাম্পিয়নশিপ চলতে চলতেই আচমকায় মেঝেতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, আর সেখানেই শেষ সব কিছু!
অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি উশু চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের উশু খেলোয়াড় মোহিত শর্মা। সোমবার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ম্যাচ চলাকালীন হঠাৎ রিংয়ে পড়ে যান ২১ বছর বয়সী এই খেলোয়াড়। দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কীভাবে সেদিন তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যা জানা যাচ্ছে, জয়পুরের কালওয়াদের বিবেক পিজি কলেজের ছাত্র মোহিত ৮৫ কেজি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করেছিলেন। চ্যাম্পিয়নশিপের শেষ দিনে সন্ধ্যা ৭টার দিকে চলমান ম্যাচের মাঝখানে তিনি হঠাৎ করে ম্যাটের উপর পড়ে যান। রেফারি এবং কর্মকর্তারা দ্রুত তাকে সহায়তা করতে ছুটে যান। কিন্তু জ্ঞান না ফেরায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোহিত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভালো টক্কর দিচ্ছিলেন প্রথম থেকে। রিংসাইডে থাকা তার বন্ধুরা তাকে উজ্জীবিত করছিলেন। কিন্তু ম্যাচের শেষ পর্যায়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও, তাঁর কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, "খেলোয়াড়কে দ্রুত খারারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্পোর্টস কমপ্লেক্সে মেডিকেল টিম উপস্থিত ছিল, এবং ঘটনাটির সঙ্গে সঙ্গেই তার পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়"।
রাজস্থান বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের সচিব প্রমোদ সিং মোহিতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হৃদরোগকে কারণ বলা হলেও, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে বলে জানানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর রাজস্থান বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার হিলালাল চৌধুরী, রাজস্থান উশু অ্যাসোসিয়েশনের সভাপতি হিরানন্দ কাটারিয়া এবং রাজস্থান স্পোর্টস কাউন্সিলের কোচ রাজেশ টেলর কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে রাজস্থান বিশ্ববিদ্যালয় জুড়ে।












Click it and Unblock the Notifications