Bachchan Family In PKL: বিচ্ছেদ-জল্পনার মধ্যেই কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য, নাতনিকে নিয়ে প্রো কবাডির আসরে অমিতাভ
Bachchan Family: বচ্চন পরিবারে ভাঙন নিয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা। চর্চার বিষয়, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ। এই আবহেই আজ মিলল বিরাট ইঙ্গিত।
মুম্বইয়ে চলছে প্রো কবাডি লিগ। আজ প্রথম খেলা ছিল ইউ মুম্বার সঙ্গে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের। সেখানেই অভিষেকের দলের হয়ে গলা ফাটাতে দেখা গেল ঐশ্বর্যকে। নাতনি আরাধ্যাকে নিয়ে ছিলেন অমিতাভ বচ্চনও।

শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা হচ্ছে না বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঐশ্বর্য কন্যাকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন, অভিষেক বাগদানের আংটি খুলে ফেলেছেন, এমন নানা কথা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। তাঁদের ডিভোর্স হয়ে যাচ্ছে বলেও জল্পনা তুঙ্গে।
কন্যা আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্য আলাদা গাড়িতে যাওয়ায় চর্চা আরও জোরালো হয়। এমনও খবর জানা গিয়েছিল যে, পরিবারের ভাঙন ঠেকাতে উদ্যোগী হয়েছেন খোদ অমিতাভ বচ্চন। তবে অভিষেক বা ঐশ্বর্য তাঁদের ব্যক্তিগত বিষয়টি আড়ালেই রেখেছেন। কেউই একে অপরের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।
এই আবহে অভিষেক ও ঐশ্বর্যর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ এমন কথাও ছড়িয়ে দেন যে, জল্পনা আর বাস্তবের মধ্যে ফারাক অনেকটাই। আজ অবশ্য প্রো কবাডি লিগের আসরে বচ্চন পরিবার নিয়ে বড় ইঙ্গিতই মিলল। কাছাকাছি এলেন অভিষেক-ঐশ্বর্য। স্বামীর দলের জন্য গলা ফাটাতেও দেখা গেল তাঁকে।
অমিতাভ ও আরাধ্যাও একসঙ্গে খেলা দেখেছেন। তবে জয়া বচ্চনকে দেখা যায়নি। কিন্তু অমিতাভের উপস্থিতি, মেয়ে আরাধ্যাকে পাশে নিয়ে অভিষেকের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সাফল্য তারিয়ে উপভোগ করছেন ঐশ্বর্য, ম্যাচের ফলাফলের চেয়েও এই দৃশ্যই এদিন সবচেয়ে বড় বার্তা দিল অনুগামীদের কাছে। ঐশ্বর্য যে এই প্রথম প্রো কবাডির আসরে এলেন তা নয়। তবে এদিনের উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটের নিরিখে তাৎপর্যপূর্ণ তো বটেই।
আজকের জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪১-৩১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ইউ মুম্বাকে। রেইডার অর্জুন দেশওয়াল একাই ১৭ পয়েন্ট সংগ্রহ করেন। এই জয়ের ফলে আপাতত পয়েন্ট তালিকার তিনে রয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ১০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। এদিনের অপর ম্যাচে গুজরাত টাইটান্স ৩৭-৩০ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। গুজরাত ১১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, পুনেরি পল্টনের (১০ ম্যাচে ৪১ পয়েন্ট) পরেই।












Click it and Unblock the Notifications