Paris Paralympics 2024: রবিবারে এখন অধরা পদক, প্যারিস প্যারালিম্পিক্সের পদকজয়ীদের সঙ্গে ফোনে কথা মোদীর
Paris Paralympics 2024: প্যারিস অলিম্পিক্সে আজ এখনও অবধি পদকের সংখ্যা বাড়াতে পারেনি ভারত। এরই মধ্যে প্যারালিম্পিক্সে পদকজয়ীদের কাছে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন।
ক্রীড়াবিদরা প্যারিস প্যারালিম্পিক্সে রওনা হওয়ার আগে তাঁদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন প্রধানমন্ত্রী। অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও এবার তিনি ব্যক্তিগতভাবে ফোন করে উৎসাহিত করলেন পদকজয়ীদের।

এই প্রতিবেদন লেখার সময় প্যারালিম্পিক্সের পদক তালিকার ২৩তম স্থানে রয়েছে। ভারত একটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট পাঁচটি পদক জিতেছে। আজ মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ ১ যোগ্যতা অর্জন পর্ব থেকে মাত্র ১ পয়েন্টের জন্য ফাইনালে উঠতে পারেননি অবনী লেখারা।
পুরুষদের শটপুট এফ৪০ বিভাগের ফাইনালে উঠে একটা সময় অবধি পদকের দৌড়ে ছিলেন রবি রঙ্গালি। যদিও শেষরক্ষা হয়নি। পঞ্চম স্থানে থেকেই অভিযান শেষ করেছেন তিনি। শ্যুটিংয়ে মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ২-র যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিলেন শ্রীহর্ষ দেবারাদ্দি রামকৃষ্ণ। তিনি ৬৩০.২ স্কোর নিয়ে থাকেন ২৬ নম্বরে।
আজ রাতে অবশ্য ভারতীয় প্যারা-শাটলাররা সেমিফাইনালে নামবেন। মোট চারটি সেমিফাইনাল রয়েছে। যা থেকে বেশ কয়েকটি পদক নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষদের সিঙ্গলসে এসএল ফোর সেমিফাইনালে দুই ভারতীয়র দ্বৈরথ হওয়ায় একটি পদক নিশ্চিত হওয়া পাকা।
এরই মধ্যে আজ প্রধানমন্ত্রী ফোনে যে পদকজয়ীদের সঙ্গে কথা বললেন তাঁরা হলেন- মোনা আগরওয়াল, প্রীতি পাল, মনীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিস। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যেক পদকজয়ীই তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে দেশকে গর্বিত করেছেন। মোদী যখন ফোন করেছিলেন তখন অবনী লেখারার ইভেন্ট চলছিল। সে কারণে তাঁর সঙ্গে এদিন ফোনে কথা হয়নি। তবে প্রধানমন্ত্রী তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications