Paris Paralympics 2024: মোদী মন্ত্রেই সাফল্য পেয়েছেন অবনী! প্রধানমন্ত্রীকে ফোনে কী জানালেন সোনাজয়ী শ্যুটার?
রবিবারই মোনা আগরওয়াল, প্রীতি পালদের মতোই প্যারিস প্যারালিম্পিক্সে পদকজয়ীদের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানিয়ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মোদীর ফোন এল সোনাজয়ী অবনী লেখরার কাছে। প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জেতেন অবনী লেখরা।
সোমবার প্যারিসে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো টেলিফোনে অবনীকে বলেন, "অবনী তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলছে। আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করে যাও।" মোদীকে ধন্যবাদ জানান অবনী। মোদীর মন্ত্রই যে তাঁকে প্যারিসে সাফল্য পেতে সাহায্য করেছে সেকথা প্রকাশ্যে জানালেন অবনী।

রবিবার প্রধানমন্ত্রী ফোনে যে পদকজয়ীদের সঙ্গে কথা বললেন তাঁরা হলেন- মোনা আগরওয়াল, প্রীতি পাল, মনীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসদের সঙ্গে। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, প্রত্যেক পদকজয়ীই তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে দেশকে গর্বিত করেছেন। কিন্তু গতকাল অবনীর সঙ্গে কথা হয়নি মোদীর। কারণ নমো যখন ফোন করেছিলেন তখন অবনী লেখারার ইভেন্ট চলছিল। সে কারণে তাঁর সঙ্গে এদিন ফোনে কথা হয়নি।
টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের পাশাপাশি ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জও জেতেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী।
মাত্র ১১ বছর বয়সেই অবনীর জীবন আমূল পাল্টে যায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়। সেই দুর্ঘটনার জেরে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন অবনী। অবনীর ঝুলিতে শুধুই সাফল্য। আর শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।
অবনীর পর ভারতকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন প্যারা শাটলার কুমার। প্যারালিম্পিকসে ভারত আপাতত ২টি সোনা, ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ-সহ সবমিলিয়ে ৯টি পদক নিয়ে তালিকায় ২২ নম্বর স্থানে।












Click it and Unblock the Notifications