Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ভারত নামছে ১২টি ক্রীড়াক্ষেত্রে, নতুন ইভেন্ট কোনগুলি?
Paris Paralympics 2024: প্যারিসে এবার শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ২৮ অগাস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি।
লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনের অনুষ্ঠান থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত এবার অংশ নেবে ১২টি ক্রীড়াক্ষেত্রে।

এবার প্যারালিম্পিক্সে ভারত তিনটি নতুন ক্রীড়াক্ষেত্রে প্রতিনিধিত্ব করবে। ফলে প্যারালিম্পিক্সে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের ব্যাপ্তি বিস্তৃত হলো। এই নতুন ক্রীড়াক্ষেত্রগুলি হলো প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং ও ব্লাইন্ড জুডো। প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়া জানিয়েছে ভারত এবার এক ডজন ক্রীড়াক্ষেত্রে নামবে পদকের লক্ষ্যে।
প্যারা শাটলার প্রমোদ ভগত দেড় বছরের জন্য সাসপেনশনের মুখে পড়েছেন। তিনি ডোপ টেস্টের জন্য নিজের অবস্থান সংক্রান্ত তথ্য সঠিকভাবে পেশ না করায় শাস্তির কোপে পড়েছেন। প্রমোদ টোকিওয় সোনা জিতেছিলেন। ফলে এবার তাঁর না থাকা নিশ্চিতভাবেই ভারতের কাছে বড় ধাক্কা।
প্যারা সাইক্লিংয়ে অংশ নেবেন অন্ধ্র প্রদেশের আরশাদ শেখ। এশিয়ান রোড প্যারা সাইক্লিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের এলিট ব্যক্তিগত টাইম ট্রায়ালে সি২ ক্যাটাগরিতে রুপো পেয়ে প্যারালিম্পিক্সের ছাড়পত্র পেয়েছেন আরশাদ। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সি২ ১৫ কিলোমিটার স্ক্র্যাচ ফাইনালে তিনি সোনা জিতেছিলেন।
ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান অন্ধ্র প্রদেশের কোঙ্গানাপাল্লে নারায়ণা প্যারা রোয়িংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন। জম্মু ও কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে তাঁর বাঁ পায়ের হাঁটুর নীচের অংশ বাদ পড়ে। জীবনযুদ্ধে জয়ী হয়ে তিনি গত বছর প্যারা এশিয়ান গেমসে পিআর ৩ মিক্সড ডাবলসে রুপো জেতেন অনিতাকে নিয়ে। অদম্য মনোভাব আজ তাঁকে পৌঁছে দিল প্যারালিম্পিক্সে।
ব্লাইন্ড জুডোয় অংশ নেবেন হরিয়ানার কোকিলা কৌশিকলাতে। তিনি এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ৪৮ কেজি জে২ ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্যারালিম্পিক্সের কোটা আদায় করেন। ২০১৯ সালে তিনি কমনওয়েলথ জুডো চ্যাম্পিয়নশিপেও রুপো জেতেন।
পিসিআই প্রেসিডেন্ট দেবেন্দ্র ঝাঝারিয়া এই নতুন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণ সুনিশ্চিত হওয়ায় খুশি। যেভাবে প্যারালিম্পিক কমিউনিটিতে প্রতিভার বিকাশ ঘটছে এবং ব্যাপ্তি বাড়ছে তা যথেষ্টই ইতিবাচক মনে উপলব্ধি তাঁর।












Click it and Unblock the Notifications