Paris Olympics 2024: আরশাদ নাদিমকে মোষ দিলেন শ্বশুর, সস্তার গাড়ি উপহার দিতে চেয়ে সমালোচিত ব্যবসায়ী
Paris Olympics 2024: পাকিস্তানের আরশাদ নাদিম অলিম্পিক্স রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতেছেন। তারপর থেকেই আরশাদকে কয়েক কোটি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
অভিনন্দন, উপহারে ভাসছেন নাদিম। এরই মধ্যে জ্যাভলিনের সোনাজয়ীকে মোষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্বশুরমশাই!

আরশাদের সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল মহম্মদ নওয়াজের কন্যা আয়েষার। নাদিম ও আয়েষার দুই পুত্র ও এক কন্যা রয়েছে। নওয়াজ মেয়ের বিয়ে যখন দেন, তখন আরশাদ ছোটখাটো কাজ করতেন। তবে নিমগ্ন থাকতেন অনুশীলনে।
পাকিস্তানের পাঞ্জাবের খানেওয়ালের গ্রামের মাঠেই চলত আরশাদের অনুশীলন। খ্যাতি এসেছে। তবে এখনও গ্রামের বাড়িতেই বাবা-মা, ভাইদের নিয়ে থাকেন আরশাদ। তাঁর গ্রামের মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা মিলে আরশাদকে ট্রেনিং ও বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চাঁদা তুলে সাহায্য করেছেন।
গ্রামকে ভালোবাসেন আরশাদ। সেই গ্রামের রীতি মেনেই জামাইকে মোষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন আরশাদের শ্বশুর। তিনি জানান, আরশাদ যে গ্রামে থাকে সেখানে মোষকে খুব মূল্যবান মনে করা হয়। মোষ উপহার দেওয়ার মধ্যে সম্মান বোধ করেন সকলে।
এদিকে, আরশাদ জ্য়াভলিনে সোনা জেতায় পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী তাঁকে সুজুকি অলটো গাড়ি উপহার দেওয়ার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন। ওই গাড়ির দাম ভারতে ৭ লক্ষ টাকার আশেপাশে, পাকিস্তানে দাম ২৩.৩১ লক্ষ টাকা।
ওই ব্যবসায়ীর নাম আলি শেখানি। তাঁকে অনেকে পরামর্শ দিয়েছেন এই সস্তার গাড়ি না দিয়ে আরশাদের নিউট্রিশনিস্ট, ট্রেনার বা অন্য কোনও সাপোর্ট স্টাফ রাখতে স্পনসর করার জন্য। যাতে আরশাদ বিশ্বরেকর্ড ভাঙতে পারেন, সেজন্য তাঁর পাশে থাকা প্রয়োজন।
এক নেটাগরিক লিখেছেন, আরশাদের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। সেখানে অলটো গাড়িতে বসলে তাঁর মাথা গাড়ির ছাদে ঠেকে যাবে। নাদিমকে ছাদ-খোলা গাড়িতে বসতে হবে। এটা নাদিমকে অসম্মান করা ছাড়া কিছু নয়। বিএমডব্লিউ বা অডি দেওয়ার ঘোষণাও তো করতে পারতেন।












Click it and Unblock the Notifications