Olympics 2036: কোন শহরে অলিম্পিক গেমস আয়োজন করতে চাইছে ভারত? জানিয়ে দিলেন অমিত শাহ
Olympics 2036: ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করার জন্য ভারত যে বিড করবে তা আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই সম্ভাব্য দুই শহরের মধ্যে নাম উঠেছিল মুম্বই ও আমেদাবাদের।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়ে দিলেন, আমেদাবাদেই অলিম্পিক্স আয়োজনের পরিকল্পনা রয়েছে। গুজরাত সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে পরিকাঠামো তৈরির কাজ শুরুও করে দিয়েছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়াম চত্ত্বরেই সর্দার প্যাটেল কমপ্লেক্স রয়েছে। সেখানে চলছে পরিকাঠামো তৈরির কাজ। অলিম্পিক্স যাতে সফলভাবে আয়োজন করা যায় সে কারণে গুজরাত সরকার বিভিন্ন নামজাদা সংস্থাকে বরাত দিয়েছে আন্তর্জাতিক মানের, অলিম্পিকের উপযোগী অত্যাধুনিক ব্যবস্থাপনা-সমৃদ্ধ স্পোর্টস কমপ্লেক্স তৈরির।
আজ গান্ধীনগর লোকসভা কেন্দ্রে সংসদ খেল প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে অমিত শাহ বলেন, দেড় মাস ধরে এই প্রতিযোগিতাটি চলবে। আমি আবারও আসব। খেলা থেকেই খেলোয়াড়সুলভ মানসিকতা আসে। পরাজয়ও যেন গৌরবজনক হয় সেই লক্ষ্য নিয়ে নামলেই জেতার অভ্যাস তৈরি হবে বলে জানান অমিত শাহ। খেলা বা রাজনীতিতে খারাপ কিছু হলে স্পোর্টসম্যানশিপ কম থাকার কথাই উঠে আসে।
শাহ স্পষ্ট করে দিয়েছেন, সমস্ত সাংসদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন খেলাধুলোর প্রসারে জোর দিতে। আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যেমন রয়েছে, তেমনই সর্দার প্যাটেল কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকারষ। অমিত শাহ আরও বলেন, ভারতের বিড গৃহীত হলে এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে।
শাহ জানিয়েছেন, সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ৪৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। নবরংপুরা স্পোর্টস কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কোটি টাকা। ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স তাই হচ্ছে আমেদাবাদেই। শাহ উল্লেখ করেন, মোদী মুখ্যমন্ত্রী থাকার সময় গুজরাতে খেল মহাকুম্ভ শুরুর প্রসঙ্গ। যার মাধ্যমে গুজরাতের নানা প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়া প্রতিভারা উপকৃত হয়েছেন।












Click it and Unblock the Notifications