করোনা-বিধি ভুলে মেয়রের সুপ্ত বাসনার সোনায় কামড়! বিব্রত জাপানের মহিলা অলিম্পিয়ান মিউ গোতো
সুপ্ত বাসনায় যে এত বিতর্ক হবে তা ভাবেননি মধ্য জাপানের নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরা। গোটা বিষয়টায় বিব্রত হলেও সামনাসামনি কিছু বলতে পারেননি মিউ গোতোও। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের মহিলা সফটবল দলের অন্যতম সদস্য। যদিও সেই মেয়রের কামড়ে এবার বদলাচ্ছে তাঁর অলিম্পিক সোনা।

সোনার মেয়ে গোতো
২৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ ব্যবধানে হারিয়ে টোকিও অলিম্পিকে মহিলাদের সফটবলে সোনা জিতেছিল জাপান। সেই দলেরই অন্যতম সদস্য মিউ গোতো। নিজের শহরে ফিরে তিনি দেখা করতে গিয়েছিলেন নাগোয়ার মেয়র তাকাশির সঙ্গে। ফটোসেশন-সহ কথাবার্তা, শুভেচ্ছা বিনিময় সব কিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎই ঘটল বিপত্তি।

পদকে কামড়
গোতো নিজেই মেয়রের হাতে তুলে দিয়েছিলেন নিজের স্বর্ণপদকটি। করোনা-বিধিতে দুজনের মুখেই ছিল মাস্ক। মেয়রকে পদকটি দিয়ে একটু দূরে সরে দাঁড়ান মিউ গোতো। এরপরই মাস্ক খুলে সোজা পদকটিতে কামড় বসান মেয়র তাকাশি। পদকজয়ীদের পদকে কামড় বসানোর রীতি চলে আসছে দশকের পর দশক ধরে। এর সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা না থাকলেও গ্রহণযোগ্য যে দুটি কারণ সামনে আসে তা হলো, পদকটির সোনা আসল কিনা সেটা নিশ্চিত হতেই এই রীতি শুরু হয়। সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকলে তাতে দাঁত বসে যাবে। সে কারণে পদকের সোনার গুণমান সম্পর্কে নিশ্চিত হতে এমনটা করা হয়। আরেকটা কারণ, ফটোসেশনের সময় চিত্র সাংবাদিকদের অনুরোধেই এমনটা করে থাকেন সোনাজয়ী ক্রীড়াবিদরা। টিভিতে, কাগজে সেই দৃশ্য দেখে অলিম্পিকের পদকে কামড় বসানোর সুপ্ত বাসনা হয়তো ছিল মেয়র তাকাশি কাওয়ামুরার। সে কারণেই মাস্ক খুলে সোজা পদকে কামড় বসিয়ে ফেললেন!
|
সমালোচিত মেয়র
এবারের অলিম্পিকে করোনা-বিধির কারণে নিজেদেরই পদক তুলে নিতে পরতে হয়েছে পদকজয়ী অ্যাথলিটদের। সেখানে করোনা-বিধি শিকেয় তুলে মেয়র এমনভাবে অলিম্পিকের পদকে কামড় বসানোয় তুঙ্গে ওঠে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়ে নিজের কৃতকর্মের জন্য পরে দুঃখপ্রকাশও করেন। সবচেয়ে মজার কথা যে ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে তিনি পদকে কামড় বসিয়েছিলেন তাতে করোনা পরিস্থিতিতে হাত ধোওয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত বার্তাও লেখা ছিল। সোশ্যাল মিডিয়ায় মেয়রের সমালোচনা করে কেউ লেখেন, গোল্ড মেডেলকে জার্ম মেডেলে পরিণত করলেন তাকাশি!

নতুন পদক
এরপরই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বিবৃতি জারি করে জানিয়েছে, গোতো নিজে ওই পদকটি বদলে দেওয়ার যে ইচ্ছাপ্রকাশ করেছেন তাকে আইওসি সমর্থন জানাচ্ছে। ওই স্বর্ণপদকটি বদলে নতুন পদক তাঁকে দেওয়া হবে। উল্লেখ্য, গোতো রেড টেরিস সফটবল দলের হয়ে খেলেন। সেই দলের মালিকানা আবার রয়েছে টয়োটা মোটর কর্পের হাতে। সেই সংস্থার তরফেও মেয়রের কীর্তির প্রবল সমালোচনা করা হয়েছে।












Click it and Unblock the Notifications