Manika Batra: মনিকা বাত্রার অনন্য নজির, প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বে প্রথম ২৫-এ ঢুকে পড়লেন
Manika Batra: ভারতের টেবল টেনিস তারকা মনিকা বাত্রা অনন্য নজির গড়লেন। প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে তিনি নাম লেখালেন বিশ্ব টিটি-র সিঙ্গলস ক্রমতালিকার প্রথম ২৫-এ।
প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়টি ইতিবাচক হবে বলেই আশাবাদী মনিকা।

আইটিটিএফ র্যাঙ্কিংয়ের সদ্যপ্রকাশিত তালিকায় মনিকা ১৫ ধাপ উঠে এসেছেন। যার ফলে ৩৯ থেকে উঠে এখন বিশ্ব টিটি-র মহিলা সিঙ্গলসে মনিকার অবস্থান ২৪ নম্বরে। ভারতের মহিলা টিটি প্লেয়ারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বছর পঁচিশের মনিকা। পিছনে ফেলেছেন সৃজা আকুলাকে।
পুরুষ ও মহিলা প্যাডলারদের মধ্যে বিশ্ব টিটি-তে সেরা অবস্থানের নিরিখে মনিকা স্পর্শ করলেন সাথিয়ান জ্ঞানসেকরনের কীর্তি। ২০১৯ সালে পুরুষদের সিঙ্গলস র্যাঙ্কিংয়ে বিশ্বের ২৪ নম্বর প্লেয়ার হয়েছিলেন সাথিয়ান। প্রথম ভারতীয় হিসেবে।
ফলে সাথিয়ান ও মনিকা ছাড়া আর কোনও ভারতীয় প্যাডলার বিশ্ব টিটি-র র্যাঙ্কিংয়ে প্রথম ২৫-এ জায়গা করে নিতে পারেননি। গত সপ্তাহে সৌদি স্ম্যাশে মনিকা অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ারই পুরস্কার পেলেন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে।
সৌদি স্ম্যাশে মনিকা হারিয়ে দিয়েছিলেন বিশ্বের ২ নম্বর তথা অলিম্পিক পদকজয়ী চিনের ওয়াং মানিউকে। এরপর বিশ্বের ১৪ নম্বর নীনা মিত্তেলহামকেও পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। যদিও সেখানে হেরে যান জাপানের হিনা হায়াতার কাছে।
র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উত্তরণ নিয়ে মনিকা বলেছেন, এটি নিশ্চিতভাবেই আমার কাছে গর্বের মুহূর্ত। বিশেষ করে অলিম্পিক্সের কয়েক মাস আগে এটা হওয়ায়। কঠোর পরিশ্রম ও প্রয়াসের জন্যই বিশ্বের প্রথম ২৫-এ আসা সম্ভব হয়েছে, আমি সম্মানিত। এই র্যাঙ্কিং তাঁর অলিম্পিক্স প্রস্তুতির ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান মনিকা।
মনিকা বলেন, প্যারিস অলিম্পিক্সের আগে র্যাঙ্কিংয়ে উন্নতি আমাকে বাড়তি অনুপ্রেরণা দেবে। পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে র্যাঙ্কিংয়ে আরও উপরে যাওয়া লক্ষ্য। দেশকে গর্বিত করতে চাই। ঈশ্বরের আশীর্বাদে সর্বোচ্চ পর্যায়ে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারছি। উন্নতি ধারাবাহিক প্রক্রিয়া, তা অব্যাহত রাখতে চাই।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলস র্যাঙ্কিংয়ে অচন্ত শরৎ কমল তিন ধাপ নেমে চল্লিশে চলে গিয়েছেন। পুরুষদের মধ্যে তাঁর র্যাঙ্কিংই সেরা। মানব ঠক্কর ও হরমীত দেশাই রয়েছেন যথাক্রমে ৬২ ও ৬৩ নম্বরে। ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের জুটি বিশ্বের ১৩ নম্বর। পুরুষদের ডাবলসে ঠক্কর ও মানুশ শাহের জুটি রয়েছে ১৫ নম্বরে। সাথিয়ান-মনিকা মিক্সড ডাবলসে এক ধাপ নেমে এখন বিশ্বের ২৪ নম্বর জুটি।












Click it and Unblock the Notifications