Kho Kho World Cup: বিশ্বকাপের শুরুতেই ভারত-পাক মেগা ম্যাচ, কোন বলিউড সুপারস্টার হলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর?
নতুন বছরের শুরুতেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ। ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই ২০২৫ সালের শুরুতেই দুই দেশ খেলার মাঠে একের অপরের মুখোমুখি হচ্ছে। বুধবারই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হয়ে গেল।
আন্তর্জাতিক খো খো ফেডারেশনের সাথে যৌথভাবে ভারতীয় খো খো ফেডারেশন ২০২৫ সালের প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করতে চলেছ। যা ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি শুরু হচ্ছে খো খো বিশ্বকাপ। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম ও নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে হবে বিশ্বকাপের সব ম্যাচগুলি। বিশ্বকাপ শুরুই হচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। ফলে টুর্নামেন্টের শুরুতেই মেগা ম্যাচ।

খো খো বিশ্বকাপে মোট ৬টি মহাদেশের ২১টি দেশের পুরুষ দল অংশগ্রহণ করবে। এই বিশ্বকাপে ২০টি মহিলা দল থাকবে। ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, সেমিফাইনাল ১৮ জানুয়ারি এবং ফাইনাল ১৯ জানুয়ারি। চমক আরও আছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের ভাইজান সলমন খান।
খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া-এর সভাপতি এবং আয়োজক কমিটির চেয়ারম্যান সুধাংশু মিত্তাল জানিয়েছেন, বলিউড বিশিষ্ট অভিনেতা সলমন খান এই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকবেন, যা প্রতিযোগিতার গ্ল্যামার আরও বৃদ্ধি করবে।
এই প্রসঙ্গে সলমন খান বলেছেন, প্রথম খোখো বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, ভারতের ঐতিহ্য ও প্রদর্শন করার একটা মঞ্চ। আমরা সবাই জীবনে কখনও না কখনও খোখো খেলেছি। এই খেলাতে রোমাঞ্চের সব উপাদান নজুত থাকে। যে কারণে আন্তর্জাতিক দুনিয়াতে এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। চলুন সবাই মিলে খো খো বিশ্বকাপ সেলিব্রেট করি।'
খো খো খেলার জন্ম ভারতেই। এই খেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রথমে এই খেলাটি মাঠে শুরু হলেও পরে তাতে লাগে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে ম্যাটে এই খেলা হয়, বর্তমানে বিশ্বের ৫৪টি দেশ খো খো খেলে। বিশ্বকাপ শুরুর আগে দেশজুড়ে এই খেলার প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে ফেডারেশন












Click it and Unblock the Notifications