করোনা ভাইরাস কেড়েছে মিলখা-নির্মলের প্রাণ, আবেগপ্রবণ বার্তা পুত্র জীভের
করোনা ভাইরাস কেড়েছে মিলখা-নির্মলের প্রাণ, আবেগপ্রবণ বার্তা পুত্র জীভের
পাঁচ দিনের ব্যবধানে করোনা ভাইরাস কেড়েছে কিংবদন্তি মিলখা সিং ও তাঁর স্ত্রী নির্মল সিংয়ের প্রাণ। শূন্য বুকে বাবা-মায়ের উদ্দেশে আবেগপ্রবণ বার্তা লিখলেন পুত্র তথা ভারতীয় গল্ফার জীভ মিলখা সিং। বাবা-মাকে অনেক কিছু বলার ছিল তাঁর। অপেক্ষাতেই রয়ে গিয়েছে অনেক অনুভূতি। ফলে মনের ব্যথা খোলা চিঠি লিখেই প্রকাশ করলেন মিলখা সিং পুত্র।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জীভ মিলখা সিংয়ের পোস্ট। যেখানে কেবল তারকা হিসেবে নয়, বাবা-মা হিসেবেও মিলখা সিং ও নির্মল সিং কতটা সফল, তা ব্যাখ্যা করেছেন তাঁদের পুত্র। লিখেছেন, মহান বাবা-মায়ের কাছ থেকেই তিনি মানুষ হওয়ার শিক্ষা পেয়েছেন। তাঁদের বন্ধন কতটা অটুঁট ছিল, তা জানিয়েছেন জীভ মিলখা। বলেছেন, শৈশব থেকেই পরিবারে বন্ধুসুলভ পরিবেশে বড় হয়েছেন ভাই-বোনেরা। অগ্রজদের কাছ থেকেই তিনি ভাল বাবা, ভাই, স্বামী হওয়ার শিক্ষা পেয়েছেন বলেও জানিয়েছেন জীভ মিলখা।
বাবা মিলখা সিং এবং মা নির্মল সিংকে ছাড়া তাঁর জীবন কতটা শূন্য, তা জানিয়েছেন তাঁদের পুত্র। না থেকেও বাবা-মা তাঁর প্রতি পদক্ষেপে রয়েছেন বলেও ব্যাখ্যা করেছেন জীভ মিলখা। বক্তব্য, দেশের কাছে মিলখা ও নির্মল সিং যে ছাপ রেখে গিয়েছেন, একই অনুভূতির ছোঁয়া তাঁর জীবনেও থাকবে বলে জানিয়েছেন ভারতীয় গল্ফার।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশকিছু দিন লড়াই চালানোর পর গত ১৩ জুন মোহালির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেশের প্রাক্তন ভলিবল খেলোয়াড় নির্মল সিং। ৮৫ বছরের স্ত্রীকে হারানোর পাঁচ দিন পর করোনাই কেড়ে নিয়েছে কিংবদন্তি মিলখা সিংয়ের প্রাণ। ৯১ বছরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন 'উড়ন্ত শিখ'। শনিবার বিকেলে চণ্ডীগড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলখা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যিনি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট থেকে ভারতকে আটটি সোনা এনে দিয়েছেন। পদ্মশ্রীর প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications