Manu Bhaker: মনু ভাকের শহরে আসছেন ঝটিকা সফরে, যাবেন সুজিত ও বিমানের দুর্গাপুজোয়
Manu Bhaker: ঝটিকা সফরে কলকাতায় আসছেন মনু ভাকের। ৫ অক্টোবর ঘণ্টা পাঁচেকের জন্য। তারই ফাঁকে তিনটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর।
এই প্রথম প্যারিস অলিম্পিক্সের কোনও পদকজয়ী কলকাতায় আসছেন। তাও দুর্গাপুজোর মধ্যে। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তর উদ্যোগেই মনুর এই কলকাতা সফর।

শতদ্রু ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন, আগামী শনিবার তৃতীয়ার দুপুর নাগাদ কলকাতায় পৌঁছবেন মনু। দমদম বিমানবন্দরে নেমে সেখান থেকেই তাঁর যাওয়ার কথা মন্ত্রী সুজিত বসুর পুজো বলে বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। উল্লেখ্য, শ্রীভূমির পুজোর মণ্ডপ কাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রীভূমির পুজোয় মনুর সঙ্গে সাক্ষাৎ করানো হতে পারে ক্লাবের মহিলা ফুটবল দলের সদস্যদের। তাঁদের উৎসাহিত করতে পারেন ভারতীয় শ্যুটার। শ্রীভূমির পুজোয় হাজির থেকে মনুকে নিয়ে যাওয়া হবে বাইপাসের ধারের একটি হোটেলে। সেখানে তাহাদের কথা অনুষ্ঠান আয়োজন করছেন শতদ্রু।
স্পনসরদের সঙ্গেও ওই অনুষ্ঠানেই মিলিত হবেন মনু ভাকের। শতদ্রুর কথায়, নারী ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের তাহাদের কথা অনুষ্ঠানে। সেখানে মনুর হাত দিয়ে সংবর্ধিত করা হবে দশভূজাকে। অর্থাৎ, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা নানা প্রতিবন্ধকতাকে জয় করে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন, তাঁদেরই উৎসাহিত করবেন মনু।
টোকিওর ব্যর্থতা ঝেড়ে ফেলে প্যারিস অলিম্পিক্সে সাফল্যের সরণিতে ফেরার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনু জানাতে পারেন তাহাদের কথা অনুষ্ঠানে তাঁর বক্তব্যের মাধ্যমে। জানাতে পারেন তাঁর পরের লক্ষ্যের কথা। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সের জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জয়ের পর শতদ্রু আয়োজিত তাহাদের কথা অনুষ্ঠানে এসে নিজের জীবনের নানা অধ্যায়ের কথা তুলে ধরেছেন নীরজ চোপড়া।
পেলে থেকে মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনহো, দুঙ্গা, এমিলিয়ানো মার্তিনেজ-সহ একাধিক তারকাকে কলকাতায় হাজির করিয়েছেন শতদ্রু। এবার দুর্গাপুজোয় নারীশক্তির জয়গানের কথা তিনি নিয়ে আসছেন মনুকে। তাহাদের কথা অনুষ্ঠান সেরে মনু যাবেন বারুইপুরের পদ্মপুকুরের পুজোমণ্ডপে। সেটি আবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো বলে খ্যাত। এরপর রাতেই শহর থেকে বিমান ধরার কথা রয়েছে মনুর।
শতদ্রু ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য মিলে ৮ অক্টোবর সৌরভ ও তাঁর কন্যা সানাকে নিয়ে যাচ্ছেন অনাথ শিশুদের দ্বারা আয়োজিত দুর্গাপুজোর আসরে। সেখানে থাকবেন বৃদ্ধাবাসের আবাসিকরা। তাঁদের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা কাটাবেন মহারাজ। শতদ্রু নিজে সৌরভের বড় ভক্ত। তবে এবার মনুর সঙ্গে সৌরভের সাক্ষাৎ হচ্ছে না। কেন না, মনু যেদিন কলকাতায় আসবেন তখন সৌরভ থাকবেন দুবাইয়ে মহিলা বিশ্বকাপের আসরে।












Click it and Unblock the Notifications