PV Sindhu: ট্রফি জয়ের পরের দিনই বিরাট সুখবর, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সিন্ধু, জানুন পাত্র পরিচয়
রবিবারই দুই বছর পর ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন পিভি সিন্ধু। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন হায়দরাবাদী শাটলার। চলতি মাসেই বিবাব বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারকা শাটলার। চলতি মাসের ২২ তারিখে বিবাহ করতে চলেছেন সিন্ধু।
দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু অবশ্য জীবন সঙ্গী হিসেবে কোন শাটলার বা ক্রীড়াবিদকে বেছে নেননি। একটি টেকনোলজি কোম্পানির কার্যকরী অধিকর্তা ভি দত্ত সাইকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সিন্ধু। আগামী ২২ তারিখ উদয়পুরে বিবাহের অনুষ্ঠান শুরু হবে। আগামী ২০ তারিখ থেকে প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে রিশেপসন অনুষ্ঠান।

সিন্ধু অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন, বর্তমানে ব্যাডমিন্টন বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে একজন। ২০২৪ সালে প্রথম খেতাব জিতলেন সিন্ধু। ভারতীয় সিনিয়র শাটলার রবিবার লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ফাইনালে জিতে তাঁর দুই বছরের দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটিয়েছেন। চিনের লুো ইউ উ-কে হারিয়ে অবশেষে ট্রফি জিতেছেন সিন্ধু।
মাঝে পিভি সিন্ধুর সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। মাঝে দীর্ঘ সময় ধরেই কোনও ট্রফি জিততে পারছিলেন না, বড় টুর্নামেন্ট হলেই ব্যর্থতা নিয়ে কোর্ট ছাড়তে হচ্ছিল হায়দরাবাদী তারকাকে। অবশেষে রবিবার সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছেন পিভি সিন্ধু, এবার জীবনেও নতুন সঙ্গীর সঙ্গে পথ চলা শুরু করছেন।












Click it and Unblock the Notifications