Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসে অব্যাহত ভারতের সোনা জয়ের ধারা, পদক সংখ্যা এগিয়ে চলেছে একশোর দিকে
Asian Para Games 2023: এশিয়ান গেমস থেকে এবার শতাধিক পদক জিতেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। এশিয়ান প্যারা গেমসেও এবার ভারতের পদকের সংখ্যা এগিয়ে চলেছে একশোর দিকে।
হাংঝৌয়ে চলতি এশিয়ান প্যারা গেমসে এবারই ভারত পদক জয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজও অব্যাহত রয়েছে সোনা-সহ নানা পদক জয়ের ধারা। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান প্যারা গেমস থেকে ভারত জিতেছিল ৭২টি। সেই নজির ইতিমধ্যেই টপকে গিয়েছে এবারের সাফল্য।

আজ ভারতীয় ক্রীড়াবিদরা একের পর এক সাফল্য সুনিশ্চিত করায় মোট পদকের সংখ্যা ৯০-এর ঘরে পৌঁছে গিয়েছে। প্যারা ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গল এসএল থ্রি-তে সোনা জিতেছেন প্রমোদ ভগত। পুরুষদের প্যারা ব্যাডমিন্টনে এসএল সিক্সে রুপো জিতেছেন নীতেশ। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন তিরন্দাজ রাকেশ কুমার।

প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এসইউ ফাইভে সোনা জিতেছেন তুলসীমতি। পুরুষদের সিঙ্গলস প্যারা ব্যাডমিন্টনে এসএইচ সিক্সে রুপো জিতেছেন কৃষ্ণ নাগর। প্যারা অ্যাথলিট রামন শর্মা পুরুষদের ১৫০০ মিটার রেসে টি ৩৮-এ সোনা জিতেছেন। আজকের প্রথম পদকটি নিশ্চিত করেন প্যারা রিতন্দাজ শীতল দেবী। মহিলাদের কম্পাউন্ড ওপেন বিভাগে জেতেন সোনা।
মহিলাদের ডিসকাস থ্রো-য় এফ৩৭/৩৮-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্মী। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষিত। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-তে রুপো জিতেছেন প্রদীপ কুমার। ব্রোঞ্জ জিতেছেন অভিষেক চামোলি।
গতকাল ভারতের পদক জয়ের সংখ্যা ছিল ৮২। আজ সকাল থেকেই একের পর এক ক্রীড়াক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আরও একাধিক ইভেন্টে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ফলে শতাধিক পদক আসতেই পারে। এশিয়ান প্যারা গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications