Asian Games: এশিয়ান গেমসের হকিতে ভারতের সোনা জাপানকে উড়িয়ে, ১০০ পদকের লক্ষ্যপূরণও আজই
Asian Games: এশিয়ান গেমসে পুরুষদের হকি দল সোনা জিতল। ফাইনালে জাপানকে ৫-১ গোলে চূর্ণ করে। ভারত এবার এশিয়ান গেমস থেকে অন্তত ১০০টি পদক জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিল। তা পূরণ হয়েছে, শতাধিক পদক আসছে ভারতের দখলে।
ভারতের শততম পদকটি নিশ্চিত করেন সোনম মালিক, কুস্তিতে ব্রোঞ্জ জিতে। তাঁর আগে অনেকেই পদক নিশ্চিত করে ফেলেছেন। শুধু সেই পদকগুলির রং কী হবে তা স্পষ্ট হওয়া বাকি। তবে নিশ্চিতভাবেই হকির সাফল্য গৌরবান্বিত করল দেশকে।

২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিল জাপান। ভারতের পুরুষ হকি দল এবারের এশিয়াডে বাজিমাত করল অপ্রতিরোধ্য থেকেই। প্যারিস অলিম্পিকের ছাড়পত্র নিশ্চিত হওয়ার হাতছানি থাকায় দুই দলই এদিনের ফাইনাল জিততে মরিয়া ছিল। কিন্তু জাপান কার্যত উড়িয়ে গেল ভারতের কাছে।
এশিয়ান গেমসে ফিল্ড হকি আসার পর থেকে ভারত এই নিয়ে চতুর্থবার সোনা জিতল পুরুষদের হকিতে। শেষবার জিতেছিল ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচেওনে হওয়া এশিয়াডে। তার আগে ১৯৬৬ ও ১৯৯৮ সালে সোনা জিতেছিল ভারত। এবার হরমনপ্রীত সিংদের হাত ধরেই এলো কাঙ্ক্ষিত সোনা।
প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে ভারত এগিয়ে যায় মনপ্রীত সিংয়ের করা গোলে। তিনি গোলটি করেছিলেন ২৫ মিনিটের মাথায়। তৃতীয় কোয়ার্টারে ভারত আরও ২টি গোল করে। ৩২ মিনিটে হরমনপ্রীত সিং ও ৩৬ মিনিটে অমিত রুইদাস গোল করেন। চতুর্থ কোয়ার্টারে ভারত ২টি ও জাপান ১টি গোল করে।

৪৮ মিনিটের মাখায় অভিষেকের গোল ভারতকে ৪-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিল। ৫১ মিনিটে তানাকার গোলে ব্যবধান কমায় জাপান। যদিও ৫৯ মিনিটে হরমনপ্রীত নিজের দ্বিতীয় তথা দলের পঞ্চম গোলটি করেন।
ভারত এই নিয়ে ২২তম সোনাটি জিতল এবারের এশিয়াডে। এদিকে, ভারত ইতিমধ্য়ে যে পদকগুলি পেয়েছে এবং যে বিভাগে পদক নিশ্চিত হয়েছে তার সামগ্রিক সংখ্যা এদিনই পৌঁছে গেল ১০০-তে। সোনম মালিক কুস্তিতে সোনা জেতার সঙ্গে সঙ্গেই। এ ছাড়াও কিরণ বিষ্ণোই, আমন শেরাওয়াতরা পদক নিশ্চিত করেছেন।












Click it and Unblock the Notifications