Asian Games 2023: ইতিহাস গড়লেন চিরাগ-সাত্ত্বিক, ব্যাডমিন্টনে প্রথম সোনা জিতল ভারত
এশিয়াডের ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ভারত। পুরুষদের ব্যাডমিন্টনে ডাবলসে সোনা জিতল চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। এশিয়াডের ব্যাডমিন্টনে প্রথম সোনা জয় ভারতের।এর আগে এশিয়াডের ইতিহাসে কখনও ব্যাডমিন্টন থেকে সোনা আসেনি। চলতি এশিয়ান গেমস ভারতীয় পুরুষ দল রুপো জিতেছিল, প্রণয় ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার সোনার আক্ষেপ পূরণ করলেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি।
দক্ষিণ কোরিয়ার জুটির বিরুদ্ধে ফাইনালে সোনা জিতল ভারতের শাটলাররা। খেলার ফল ২১-১৮, ২১-১৬।যদিও শুরুটা দাপটের সঙ্গেই করেছিল দক্ষিণ কোরিয়া। প্রথম গেমের বেশিরভাগ সময় পিছিয়ে ছিল ভারতীয় জুটি। কিন্তু তাঁরা দুরন্তভাবেই ম্যাচে ফিরে আসেন। পিছিয়ে থেকেও প্রথম গেম ছিনিয়ে নিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ২১-১৮ পয়েন্টে জিতে যান ভারতীয়রা।

এরপর দ্বিতীয় গেমের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে ভারতের শাটলাররা। দ্বিতীয় গেমের বিরতিতেই ১১-৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত। সেইসঙ্গে সোনার আরও কাছে ভারত। শেষ পর্যন্ত ২১-১৬ ফলে কোরিয়ানদের হারিয়ে জয় ভারত। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
এর আগে পুরুষদের দলগত ইভেন্টেও ভারতকে জয় এনে দিয়েছিল এই জুটি। ডাবলসে চিনাদের ২১-১৫, ২১-১৮ ফলে হারান সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু সেই ম্যাচে সোনা জয় অধরাই থাকে ভারতের। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

১৯৭৪ , ১৯৮২ এবং ১৯৮৬ সালে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। ২০০৬ সালে গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল। ২০১০ সাল এবং ২০১৪ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। চার বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল থেকেই দল ছিটকে যায়। আর এবার দলগতভাবে রূপো পেল ভারতীয় দল।
কিন্তু শনিবার আর কোনও ভুল করেনি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এই ইভেন্টের সেমিফাইনাল ম্যাচে সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যারন শিয়া এবং সোহ উই ইককে পরাস্ত করেন। ফলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়ে ফাইনালে নামে ভারতীয় জুটি।

ম্যাচ জয়ের পর কোর্টের নাচতে শুরু করেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ব্যাডমিন্টনে সোনা ফলাচ্ছে এই জুটি। এবার এশিয়ান গেমসে সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করল ভারতের শাটলার জুটি। জুটিতে লুটি বোধহয় একেই বলে।












Click it and Unblock the Notifications