Asian Games 2023: পদকের পথেই এগোচ্ছেন সিন্ধু, স্কোয়াশের ফাইনালে দীপিকারা
স্কোয়াশে ভারতীয়দের সাফল্য অব্যাহত পুরুষদের দলগত ইভেন্টে আগেই সোনা এসেছে। ব্যক্তিগত রাউন্ডে সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন সৌরভ ঘোষাল। এবার মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন দীপিকা পাল্লিকল এবং হরিন্দর সিং। সোনা-রুপোর লড়াইয়ে নামবেন ভারতীয় স্কোয়াশের মিক্সড দল। সেইসঙ্গে পদকের পথে আরও এক ধাপ এগোলেন পিভি সিন্ধু। ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন হায়দরাবাদী শাটলার।
প্রথমেই আসা যাক স্কোয়াশে ইভেন্টের কথায়। মিক্সড ডাবলসের সেমিফাইনালে হংকংয়ের জুটিকে ২-১ ব্যবধানে হারালেন দীপিকা-হরিন্দররা। প্রত্যাবর্তনের আরও একটা নির্দশন রাখলেন ভারতীয় জুটি। ঠিক যেন সৌরভদের খেলারই পুনরাবৃত্তি। ০-১ ফলে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন করে ম্যাচ জয়। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরেছিলেন দীপিকারা। কিন্তু দমে যায়নি ভারতীয় জুটি।

পরের দুই গেমে অবশ্য জেতে ভারতীয় জুটি। শেষ অবধি ৭-১১, ১১-৭, ১১-৯ ব্যবধানে হংকংয়ের জুটিকে হারিয়ে ফাইনালের স্থান নিশ্চিত করলেন দীপিকা-হরিন্দর। এরফলে রুপো অন্তত নিশ্চিত হয়ে গেল ভারতের জন্য। তবে পুরুষদের দলগত রাউন্ডের মতোই মিক্সড টিম ইভেন্টেও সোনা জয়ই পাখির চোখ দীপিকাদের।
শনিবার স্কোয়াশের দলগত ইভেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারত। ফাইনায়লে ২-১ ফলাফলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। পিছিয়ে থেকেও ফাইনালে দুরন্ত জয় পেল ভারতীয় দল।সোনা জয়ের ম্যাচের নায়ক ছিলেন বাংলার সৌরভ ঘোষাল।

মঙ্গলবার স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে জাপানের রিয়ুনসুকে সুকুকে ৩-০ তে পরাজিত করার পরে আরও একটি পদক নিশ্চিত করেছেন সৌরভ ঘোষাল।
এদিকে, ব্যাডমিন্টনে ক্রমশ পদকের পথেই এগোচ্ছেন ভারতীয় শাটলাররা। এশিয়ান গেমসে মেয়েদের সিঙ্গলসে এবং ছেলেদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। ভারতের মহিলা তারকা শাটলার প্রি-কোয়ার্টার ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন।

মঙ্গলবার ব্যাডমিন্টনের প্রথম ম্যাচে জয় পান পিভি সিন্ধু। চাইনিজ তাইপের ওয়েন সি হসুর বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ২১-১০, ২১-১৫ ব্যবধানে জিতেছিলেন ভারতীয় তারকা শাটলার।এদিকে কাজাখ শাটলার দিমিত্রি প্যানারিনকে ২১-১২, ২১-১৩ হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন এইচএস প্রণয়ও।












Click it and Unblock the Notifications