Asian Games 2023: হংকংয়ের বিরুদ্ধে ১৩ গোলে জয়, হকিতে সেমিফাইনাল নিশ্চিত মহিলা দলের
এশিয়ান গেমসের হকিতে বড় জয় পেল ভারতীয় মহিলা দল। মঙ্গলবার সকালে গ্রুপ লিগের ম্যাচে হংকংকে ১৩ গোলে হারিয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। এই জয়ের ফলে মেয়েদের হকির সেমিফাইনালে পৌঁছে গেলেন সবিতা পুনিয়ারা। এবারের এশিয়ান গেমসে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। ভারতীয় দল খেলতে নামলেই হচ্ছে গোলের বন্যা। স্কোরবোর্ড বলে দিচ্ছে ভারতের উভয় দলের পারফরম্যান্স কতটা দাপুটে হচ্ছে।
ভারতীয় মহিলা হকি দল প্রথম দুটি ম্যাচে অনায়াসে জয় পেলেও তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে আটকে যায়। কিন্তু হংকংয়ের বিরুদ্ধে চেনা মেজাজেই পাওয়া গেল ভারতীয় মহিলা দলকে। ১৩ গোলের ম্যাচে দীপিকা ও বন্দনা হ্যাটট্রিক করেন। বাকি গোলগুলো করেন নবনীত, সঙ্গীতা, বৈষ্ণবী, গ্রেস এবং মণিকা। এই জয়ের ফলে শেষচারে স্থান নিশ্চিত করল ভারতীয় দল।

গ্রুপ এ-তে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের। চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে ভারতীয় মহিলা দল। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে। তাদের ম্যাচ বাকি মালয়েশিয়ার বিরুদ্ধে। মালয়েশিয়া তিন ম্যাচ খেলে ছ'পয়েন্ট পেয়েছে। এই ম্যাচ মালয়েশিয়া জিতলে সেমিফাইনালে উঠবে।
প্রথম ম্যাচে ভারত ১৩-০ গোলে হারিয়ে দেয় সিঙ্গাপুরকে। এর পরে মালয়েশিয়াকে হাফ ডজন গোলে হারায় ভারতের মেয়েরা। তৃতীয় ম্যাচ অবশ্য ড্র করে ভারত। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে মঙ্গলবার আবার জয়ে ফিরল ভারতীয় মহিলা দল। শুধু জয়ই নয়, একইসঙ্গে সবিতারা এক ডজনের বেশি গোল দিল প্রতিপক্ষ দলকে।

পুরুষ দল আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। ভারতীয় ছেলেদের সেমিফাইনাল বুধবার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত সিংয়ের দল।গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫৮ গোল করেছে ভারত। আর ভারত গোল খেয়েছে মাত্র ৫টি।
২০২১ সালে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। চলতি বছরে এশিয়া কাপও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসেও সোনার স্বপ্নই দেখাচ্ছেন হরমনপ্রীত সিংরা। অন্য সেমিফাইনালে মুখোমুখি চিন এবং জাপান।

ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল গ্রুপ পর্বের খেলা কিন্তু পদকের প্রত্যাশাকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।












Click it and Unblock the Notifications