Asian Games 2023: ‘চক দে ইন্ডিয়া’, হকিতে ফাইনালে ভারত, সোনা থেকে এক কদম দূরে হরমনপ্রীতরা
সোনার আরও কাছে ভারতীয় হকি দল। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালের টিকিট নিশ্চিত করলেন হরমনরাপ্রীত সিংরা। ৫-৩ ফলে ম্যাচ জিতে এশিয়াডের হকির শেষ ল্যাপে পৌঁছে গেল ভারত। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে হেলায় জয় পেলেও এই ম্যাচে অবশ্য কঠিন লড়াইয়ের মুখে পড়তে হল ভারতীয় দলকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে ভারতীয় দল। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই তিন গোলের লিড পেয়ে যায় ভারত। ৫ মিনিটে হার্দিক সিং প্রথম গোলের খাতা খোলেন। ১১ এবং ১৫ মিনিটে আরও দুটি গোল করেন মনদীপ সিং, ললিত উপাধ্যায়।

কিন্তু ২৪ মিনিটে অমিত রোহিদাস ৪ নম্বর গোল করে স্বস্তি আনেন ভারতীয় শিবিরে। এশিয়ান গেমসে ধারাবাহিক ভাবে এই দায়িত্ব পালন করছেন অমিত রোহিদাস। পেনাল্টি কর্ণার থেকেই চারটে গোল করে ফেললেন তিনি। তবে ৪২ মিনিটে জুং মানজায়ে কোরিয়ার হয়ে হ্যাটট্রিক করে ভারতের উপর আবার চাপ বাড়ালেন। কিন্তু ৫৪ মিনিটে ফের গোল ভারতের। ৫ নম্বর গোলটি করেন অভিষেক। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি।

২০১৪ সালের এশিয়ান গেমসের হকি থেকে সোনা এসেছিল। জাকার্তা এশিয়ান গেমসের ফাইনালে জাপানের কাছে হেরেছিল ভারত। টানা তৃতীয় বার ফাইনালে উঠল ভারতীয় দল। ২০২১ সালে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। চলতি বছরে এশিয়া কাপও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসেও সোনার স্বপ্নই দেখাচ্ছেন হরমনপ্রীত সিংরা।
গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫৮ গোল করেছে ভারত। সেমিফাইনাল ম্যাচে ভারত করল আরও পাঁচ গোল। সব মিলিয়ে সংখ্যাটা হল ৬৩। আর ভারত গোল খেয়েছে মাত্র ৮টি। এবার কিন্তু সোনা জিতেই দেশে ফিরতে মরিয়া থাকবে ভারতীয় হকি দল

এই প্রতিযোগিতায় সোনা জিতলেই সরাসরি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের টিকিট পেয়ে যাবে ভারতীয় হকি দল। সোনা জয়ের সঙ্গে যা বাড়তি বোনাস হবে ভারতের কাছে।












Click it and Unblock the Notifications