Arjun Erigaisi: আনন্দের পর অর্জুন! বিশ্ব দাবায় ঈর্ষণীয় কীর্তি ভারতীয় গ্র্যান্ডমাস্টারের
Arjun Erigaisi: বিশ্ব দাবা প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ডি গুকেশ। আজ ষষ্ঠ গেমও ড্র হয়েছে।
গুকেশ যখন সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব খেতাব দখলের লক্ষ্যে বোর্ডে ঝড় তুলেছেন, তখন ভারতীয় দাবার ক্ষেত্রে আরেকটি সুখবর। বিশ্বনাথন আনন্দের কীর্তি স্পর্শ করলেন গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি।

আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এরিগাইসি ২৮০০ এলো রেটিংয়ের মাইলফলক স্পর্শ করলেন। সেই সঙ্গে ২১ বছরের এই দাবাড়ু বিশ্ব দাবার র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অধিকার করলেন। চলতি বছর দারুণ ছন্দে রয়েছেন এরিগাইসি।
চেস অলিম্পিয়াডে চলতি বছরই এরিগাইসি ঐতিহাসিক সোনা জেতেন। ভারতের সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল তাঁর। বিশ্বে ষোড়শ দাবাড়ু হিসেবে ক্ল্যাসিক্যাল চেস রেটিংয়ে ২৮০০ এলো রেটিং সুনিশ্চিত করেন এরিগাইসি। তাঁর আগে ভারতীয়দের মধ্যে এই কীর্তি রয়েছে বিশ্বনাথন আনন্দের।
ফিডের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দের কীর্তি স্পর্শ করে ডিসেম্বরের ফিডে রেটিংয়ে এরিগাইসির রেটিং এখন ২৮০১। বিশ্বের দাবাড়ুদের মধ্যে তিনি চতুর্থ স্থান অধিকার করলেন। উল্লেখ্য, ৪৫তম চেস অলিম্পিয়াডে এরিগাইসি দলগত ও ব্যক্তিগত সোনা জিতেছিলেন।
তেলঙ্গানার ওয়ারঙ্গলে জন্ম এরিগাইসির। ১৪ বছর ১১ মাস ১৩ দিনের মাথায় তিনি গ্র্যান্ডমাস্টার শিরোপা আদায় করে নিয়েছিলেন। গত সেপ্টেম্বরে তিনি ভারতের টপ রেটেড প্লেয়ার হন। রেটিংয়ের নিরিখে এরিগাইসির আগে রয়েছেন মাত্র তিনজন।
শীর্ষে রয়েছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন (২৮৩১)। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানা (২৮০৫) ও হিকারু নাকামুরা (২৮০২) রয়েছেন যথাক্রমে দুই ও তিনে। বিশ্ব দাবা প্রতিযোগিতা খেলতে এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন ডি গুকেশ। তিনি রেটিংয়ের নিরিখে রয়েছেন পঞ্চম স্থানে। গুকেশের রেটিং ২৭৮৩। ডিং লিরেন রয়েছেন ২২ নম্বরে, তাঁর রেটিং ২৭২৮।












Click it and Unblock the Notifications