Paris Olympics 2024: পদক একটুর জন্য জেতা হয়নি, প্যারিসের অভিজ্ঞতাই বড় প্রাপ্তি তিরন্দাজ অঙ্কিতার
প্যারিস অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজদের নিয়ে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু দীপিকা কুমারী, অঙ্কিতা ভকতরা দলগত ক্ষেত্রে হতাশ করেন। এমনকি মিক্সড ডাবলসে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটি সেমিফাইনালে উঠেও হেরে যান, এমনকি ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেন।
প্যারিস অলিম্পিক্সে পদক আনতে না পারলেও অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ হয়েছে অঙ্কিতার। প্যারিস থেকে আগেই ফিরেছিলেন ভারতে। কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সদ্য নিজেৱ শহর কলকাতায় ফিরেছেন। সাউথ সিঁথির ফ্ল্যাটে এখন শুধুই অলিম্পিক্সের স্মৃতি, কিট ব্যাগ থেকে জার্সি রয়েছে ঘর জুড়ে। প্রথমবার অলিম্পিক্সে গিয়েই চতুর্থ হয়েছেন, বাড়ি ফিরেই নিজের অনুভূতি ওয়ান ইন্ডিয়ার সঙ্গে ভাগ করে নিলেন অঙ্কিতা।

অলিম্পিক্সের অনুভূতি প্রসঙ্গে অঙ্কিতা বলেন, 'এর আগেও অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ছি কিন্তু অলিম্পিক্স সম্পূর্ণ আলাদা। দারুন সাজানো ঘোছানো সব কিছু। যখন প্রথমবার পারফরম্যান্স করতে নামছিলাম বা ব্রোঞ্জ জয়ের ম্যাচের সময় কিছুট চাপে ছিলাম, চাপ কাটিয়ে সেদিন যারা তির ছুঁড়তে পেরেছিল তারাই জিতেছে।'
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনাসলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬-২ ফলে হারেন অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটির। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাফি কাউফোল্ড এবং ব্র্যাডি এলিসনের কাছে ৬-২ হারতে হয় ভারতীয় তিরন্দাজ জুটিকে। সেই ম্যাচ জিততে পারলে অলিম্পিক্সে তীরন্দাজিতে প্রথম পদক আসত ভারতের ঘরে। শেষরক্ষা হয়নি। ফলে খালি হাতেই ফিরতকে হয়েছে অঙ্কিতাকে।
মাত্র ৫ বছর বয়সেই তির ধনুকের খেলাটা মনে ধরে যায় ছোট্ট অঙ্কিতার। সেই শুরু। কিন্তু এরপর এই খেলায় হয়ে উঠে অঙ্কিতার মন প্রাণ। কিন্তু সাধারণ মধ্যবৃত্ত পরিবারের সামর্থ ছিল না মেয়ের ব্যয় বহুল খেলাটা চালিয়ে নিয়ে যাওয়ার। পাশে থাকেনি রাজ্য সরকার। ফলে টাটাতে ট্রায়ালে যেতে হয় অঙ্কিতাকে ।এর পর থেকে ঝাড়খণ্ডের প্রতিনিধি হয়ে উঠে অঙ্কিতা।
তিরন্দাজি নয়, অঙ্কিতার খেলায় প্রথম হাতে খড়ি হয়েছিল যোগাসনে। ছোটবেলায় মেয়েকে যোগাসনে ভর্তি করেন অঙ্কিতার মা-বাবা। এই খেলাতেও যথেষ্ট সফল ছিলেন অঙ্কিতা। তাঁর ঘরে গেলেই দেখা গেল যোগাসনের একাধিক পদক এবং পুরস্কার রয়েছে। আপাতত কয়েকদিন বিশ্রাম, তারপর ফের প্রস্তুতি শুরু করবেন অঙ্কিতা। প্যারিসে অধরাই পদকটা লস অ্যাঞ্জলেসে জিতে চান বঙ্গ তিরন্দাজ।












Click it and Unblock the Notifications