ACT 2023: চেন্নাইয়ে চক দে ইন্ডিয়া, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এশিয়া সেরা ভারত
চেন্নাইয়ে চক দে ইন্ডিয়া। মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত। ২ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করে মেন ইন ব্লু। শেষ ম্যাচেও দাপুটে পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হল ভারত।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলতে নেমেছিল ভারত। রাউন্ড রবিনে ৫টি ম্যাচের মধ্যে ৪টি জয়, ১টি ড্রয়ের পর ফাইনালে পৌঁছেছে ভারত।তবে শুরুতে এগিয়ে গেলেও, এরপর খেই হারাতে থাকে ভারত। এই টুর্নামেন্ট মালয়েশিয়া এক বারও চ্যাম্পিয়ন হয়নি। এবারও তাদের হতাশ হয়েই ফিরতে হল।

ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল চরমে। ফাইনাল ম্যাচের সূচনাতে উপস্থিত ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ম্যাচের নয় মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে ভারতীয় দলকে এগিয়ে দেন গুজরাজ। হরমনপ্রীতের পেনাল্টি কর্ণার দুরন্ত ফিনিশ করেলন যুজরাজ সিং।
এরপর অবশ্য খেলা থেকে কিছুটা হারিয়ে যায় ভারতীয় দল। ১৪ মিনিটেই ম্যাচে সমতা ফেরান মালয়েশিয়ার আবু কালাম।প্রথম কোয়ার্টারে ম্যাচ শেষ হয় ১-১ ফলে। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মালয়েশিয়া। ১৮ মিনিটে দলকে এগিয়ে দিলেন রহিম। ২৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান ৩-১ করে মালয়েশিয়া। তৃতীয় গোলটি করেন আমিনুদিন। এই সময় ম্যাচে বেশ কোণঠাসা হয়ে পড়ে ভারত।

কিন্তু প্রবল চাপে চুপসে না গিয়ে এরপরেই দুরন্ত কামব্যাক করল 'মেন ইন ব্লু' ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হলেও গোল এল। কিন্তু দুই গোলে পিছিয়ে পড়েও দুরন্তভাবে খেলায় প্রত্যাবর্তন করল ভারত। ৪৪ মিনিটে ব্যবধান কমালেন অধিনায়ক হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই ভারত সমতায় ফিরল। দলগত ছন্দেই খেলার ফল ৩-৩ করলেন গুরজন্ত সিং।
৫৬ মিনিটে জয়সূচক গোলটি করলেন আকাশদীপ সিং। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি মালয়েশিয়া। ৪-৩ ফলে ম্যাচ জিতে এশিয়া সেরা ভারত। চেন্নাইয়ে মাঠে বন্দেমাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে বড় উপহার দিল ভারতীয় হকি দল।

প্রায় হেরে যাওয়া ম্যাচে সমতা ফেরানোর পর থেকে টগবগ করে ফুটছিল ক্রেগ ফুলটনের ছেলেরা। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।এই নিয়ে চার বার খেতাব জিতল ভারত। চেন্নাইয়ে এই টুর্নামেন্টে অপরাজিতভাবেই চ্যাম্পিয়ন হল ভারত। এশিয়ান গেমসের আগে এই পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।












Click it and Unblock the Notifications