অলিম্পিক্সের আগে ভারতের ১৯ অ্যাথলিটের টিকাকরণ সম্পূর্ণ, ইভেন্ট আয়োজনে বদ্ধপরিকর আইওসি
অলিম্পিক্সের আগে ভারতের ১৯ অ্যাথলিটের টিকাকরণ সম্পূর্ণ, ইভেন্ট আয়োজনে বদ্ধপরিকর আইওসি
করোনা ভাইরাসের আবহে নাগরিক বিরোধিতায় টোকিও অলিম্পিক্সের ভবিষ্যত টালমাটাল হলেও ইভেন্টের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে রাজি নয় ভারত। গেমসের কথা মাখায় রেখে দেশের ১৯ জন অ্যাথলিটের টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে শত বিরোধিতা সত্ত্বেও টোকিও-তে নির্ধারিত সূচি মেনে ইভেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি।

ভারতীয় অ্যাথলিটদের টিকাকরণ
জুলাই মাসের টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের কথা মাথায় রেখে ভারতীয় অ্যাথলিটদের কোভিড ১৯-এর টিকাকরণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। এখনও পর্যন্ত দেশের ১৩১ জন অ্যাথলিট ও ১৩ জন প্যারা-অ্যাথলিট টিকার প্রথম ডোজ নিয়েছেন। ১৭ জন অ্যাথলিট ও ২ জন প্যারা-অ্যাথলিট কোভিড ১৯ টিকার দুটি ডোজ নিয়েছেন বলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। ভারতীয় অ্যাথলিটদের ২৩ জন কোচিং স্টাফ টিকার দুটি ডোজ নিয়েছেন। ৮৭ জন একটি করে ডোজ নিয়েছেন বলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের খবর।

ইংল্যান্ডের অ্যাথলিটদের টিকাকরণের উদ্যোগ
ভারতের পর টোকিও অলিম্পিক্সের আগে ইংল্যান্ডের অ্যাথলিটদের টিকাকরণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, অলিম্পিক্সমুখী দেশের সব অ্যাথলিটদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের লক্ষ্য। আর কয়েক দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে খবর।

বদ্ধপরিকর আইওসি
করোনা ভাইরাসের আবহে টোকিও-তে অলিম্পিক্সের আসর বসানোর বিরুদ্ধে সরব হয়েছেন জাপানের মানুষ। নাগরিক সমাজ জনস্বার্থে ইভেন্ট বন্ধের আর্জি জানিয়েছে। অলিম্পিক্স বাতিলের দাবিতে জাপানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সে দেশের ডাক্তাররা। তা সত্ত্বেও যে পরিকল্পনায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই, তা সাফ জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন বা আইওসি। জরুরিকালীন অবস্থাতেও টোকিও শহরে অলিম্পিক্স আয়োজন করতে তারা বদ্ধপরিকর বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে অলিম্পিক্স
গত বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্স। করোনা ভাইরাসের জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছিল। আগামী ২৩ জুলাই থেকে ইভেন্ট শুরু হওয়ার কথা। কিন্তু অতিমারী যেভাবে প্রভাব বিস্তার করছে, তাতে ভারত, পাকিস্তান এবং নেপালের মতো দেশগুলিকে ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও এই ইস্যুতে তাঁদের কাছে কোনও তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।












Click it and Unblock the Notifications