খেজুরিতে জ্বলল বিজেপি মণ্ডল সভাপতির দুই দোকান, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
খেজুরিতে জ্বলল বিজেপি মণ্ডল সভাপতির দোকান, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
বিজেপির (bjp) মণ্ডল সভাপতির দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে (khejuri)। এই ঘটনায় দোকানের ক্ষতি হলেও, কোনও হতাহতের খবর নেই। দোকানে আগুনের ঘটনায় বিজেপি নেতা তৃণমূলকেই (trinamool congress) দায়ী করেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপির মণ্ডল সভাপতির দুই দোকানে আগুন
খেজুরির দু নম্বর ব্লকের কসবার লক্ষ্মণচক গ্রামের বাসিন্দা বিজেপির মণ্ডল সভাপতি দিব্যেন্দু মিদ্দা। বৃহস্পতিবার রাতে তাঁরই জুতোর দোকানে আগুন লাগানো হয়। একইসঙ্গে দোকানের সামনে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। শুধু জুতোর দোকানই নয়, সেই দোকানের পাশে থাকা তাঁর স্টেশনারি দোকানেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বিজেপি নেতা দিব্যেন্দু মিদ্দের অভিযোগ, বিজেপি করার জন্য তাঁর দোকানে হামলা করা হয়েছে। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের বাড়িতে এবং তাঁদের সম্পত্তি নষ্ট করে দিচ্ছে দুষ্কৃতীরা। এব্যাপারে তিনি তৃণমূলকেই দায়ী করেছেন। দুটি দোকান পুড়ে যাওয়ায় তাঁর বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ওই নেতা।

খেজুরিতে উত্তেজনা
এদিন সকালে এই পরিস্থিতি নজরে আসার পরেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। খেজুরিতে বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, ভোট যত এগিয়ে আসছে, খেজুরি জুড়ে তৃণমূলের তাণ্ডব বাড়ছে। লক্ষ্মণচক গ্রামের ঘটনা তারই উদাহরণ। ভোটের আগে এলাকাকে উত্তপ্ত করার অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের তরফে দাবি করা হয়েছে, বিজেপির পুরনো নেতা-কর্মীদের সঙ্গে বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের বড় বিরোধ তৈরি হয়েছে। ঝগড়াও চড়মে। এই ঘটনা তারই ফল বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের আরও অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঢাকতেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। মানুষ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

ঘটনার তদন্তে পুলিশ
ভোট যত এগিয়ে আসছে রাজ্য জুড়েই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর খেজুড়ির মতো জায়গায় রাজনৈতিক উত্তাপ রয়েছে বছরের পর বছর ধরে। আগেকার সিপিএম-তৃণমূল বিবাদ এখন তৃণমূল-বিজেপি বিবাদে পরিণত হয়েছে। এরপর যুক্ত হয়েছে এলাকায় রাজনৈতিক নেতাদের একের পর এক জনসভা। যা ফলে মানুষ আরও তেঁতে যাচ্ছেন। তবে এদিনই আগুন লাগানোর ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।












Click it and Unblock the Notifications