'বিজেপি কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবে না', হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর! দিলেন বিরোধী দলনেতাকেও বার্তা
তৃণমূল মনে করলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবেন না। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ রাজ্যের মন্ত্রী শিউলি সাহার। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকেও একহাত নিলেন। তাঁর দাবি, রাজ্য সরকারের টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে, তা হতে দেব না। শুধু তিনিই নয়, অধিকারী গড়ে দাঁড়িয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন কুণাল ঘোষও।
রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। বিভিন্ন জেলায় আক্রান্ত বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত খেজুরিতে আক্রান্ত তৃণমূলের একাধিক নেতা-কর্মী। আর এই ঘটনার প্রতিবাদে আজ সেখানে সভা করে রাজ্যের শাসকদল।

শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের শ্যামপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাঁসদা, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। আর সেই সভা থেকেই একের পর হুঁশিয়ারি শীর্ষ নেতৃত্বের।
দলের জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ৭২ ঘন্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে। আমি পুলিশ-প্রশাসনের সামনে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি। আমরা আর এখানে বসে থাকতে পারবো না।
কার্যত একই বক্তব্য শোনা যায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মুখেও। তিনি বলেন, তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে হলুদবাড়ি, কামারদা, খেজুরিতে বিজেপির সন্ত্রাস চালাচ্ছে। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আর আমরা ঘুরে দাঁড়ালে খেজুরিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তম বারিক।
কার্যত এক ধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী শিউলি সাহা বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন। কিন্তু কাঁথি ও তমলুক জিতে ভাবছে বাংলা জয় করে নিয়েছে?
আপনি খেজুরিতে সন্ত্রাস করলে কোলাঘাট পেরিয়ে হাওড়া জেতে পারবেন তো! যদি তৃণমূল মনে করবে তাহলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবেন না বলে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। এমনকি কেশপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর পা রাখতে দেব না বলেও বার্তা তাঁর।
রাজ্যের মন্ত্রী আরও বলেন, আপনি (শুভেন্দু অধিকারী) যতই হাইকোর্ট করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে, তা হতে দেব না। আগামীদিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে দাবি করলেন শিউলি সাহা।
রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, ৭২ ঘন্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টেডি চাই। আমি পুলিশকে বলবো, যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেফতার করার বার্তা দেন কুণাল।












Click it and Unblock the Notifications